প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৩:১০ পিএম
রাজধানীর জিপি হাউসে গ্রাহকদের সুদবিহীন কিস্তিতে অফিসিয়াল স্মার্টফোন দিতে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে গ্রামীণফোনের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
গ্রাহকদের জন্য সুদবিহীন কিস্তিতে সেরা ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন কেনার সুবিধা দিতে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
এই উদ্যোগের আওতায় গ্রামীণফোনের গ্রাহকরা ২৪ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআইতে স্মার্টফোনের মূল্য পরিশোধ করতে পারবেন। ইবিএলের ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন।
সম্প্রতি রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং ইবিএলের হেড অব কার্ডস তাসনিম হোসেন সমঝোতা স্মারকটি সই করেন।
গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সমাজকে ক্ষমতায়নের লক্ষ্যেই আমরা কাজ করছি। ইবিএলের সঙ্গে এই অংশীদারত্ব প্রমাণ করে, টেলিকম ও ফিনটেক খাতের সম্মিলিত উদ্যোগ কীভাবে গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির পথ সুগম করতে পারে।
ইবিএলের হেড অব কার্ডস তাসনিম হোসেন বলেন, উদ্ভাবন, সাশ্রয়ী সমাধান ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে গ্রামীণফোনের সঙ্গে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।
ক্যাম্পেইনের আওতায় গ্রামীণফোনের গ্রাহকরা ইবিএলের ক্রেডিট কার্ড ব্যবহার করে স্যামসাং, শাওমি (এমআই), ভিভো, অপোসহ প্রথম সারির স্মার্টফোন ব্র্যান্ডের অফিসিয়াল ফোন কিনতে পারবেন। এসব ফোন পাওয়া যাবে গেজেট অ্যান্ড গিয়ারসহ নির্ধারিত মাল্টি ব্র্যান্ড রিটেইলার আউটলেটগুলোতে।
এই অফারটি নিতে গ্রাহকদের আগামী ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে পার্টনার আউটলেটে যেতে হবে এবং ২৯০০০ নম্বরে এসএমএস করে জানতে হবে অফারটি তার জন্য প্রযোজ্য কি না। এরপর আউটলেট ম্যানেজার ইবিএলের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিশ্চিত করবেন।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার জন্য আধুনিক ডিভাইস সহজলভ্য করে ডিজিটাল জীবনধারা আরও সহজ করার লক্ষ্যেই এই ক্যাম্পেইন চালু করা হয়েছে।
টেলিযোগাযোগ ও আর্থিক খাতের যৌথ প্রচেষ্টায় নেওয়া এই কৌশলগত পদক্ষেপটি স্মার্টফোনকে আরও সাশ্রয়ী করে তুলবে এবং প্রযুক্তি ব্যবহারে প্রাথমিক বাধা দূর করতে সহায়তা করবে।