প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১২:১৯ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১২:৩০ পিএম
ফাইল ফটো
বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশে জানানো হয়েছে, আগামী ৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। নতুন এই শুল্কহার যুক্ত হওয়ার পর বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে মোট শুল্কহার কত হবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে দেশটিতে ৮৪৪ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়। এসব পণ্যের বিপরীতে আদায় করা হয় ১২৭ কোটি ডলারের শুল্ক। অর্থাৎ গড়ে শুল্কহার ছিল ১৫ শতাংশ। নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় এখন মোট শুল্কহার দাঁড়াবে ৩৫ শতাংশে।
তবে সব পণ্যে একই হারে শুল্ক বসছে না। যুক্তরাষ্ট্র আগে থেকেই পণ্যভেদে বিভিন্ন হারে শুল্ক আদায় করে। কোথাও শুল্ক শূন্য, আবার কোথাও তা ৩৫০ শতাংশ পর্যন্ত। নতুন এই পাল্টা শুল্কের ফলে কিছু পণ্যে শুল্ক আরও বেড়ে যাবে।
যুক্তরাষ্ট্রে যেভাবে নির্ধারিত হয় শুল্কহার
যুক্তরাষ্ট্রের ট্যারিফ ব্যবস্থায় মূলত তিন ধরনের শুল্কহার রয়েছে। প্রথমটি হলো- এমএফএন (Most Favoured Nation)। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক আছে, তারা এই শুল্ক সুবিধা পায়। বাংলাদেশ এই তালিকাভুক্ত।
দ্বিতীয়টি হলো- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিভুক্ত দেশগুলোর জন্য নির্ধারিত হ্রাসকৃত বা শূন্য শুল্কহার। তৃতীয়টি প্রযোজ্য হয়- যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক নেই, তাদের জন্য। এই শুল্কহার তুলনামূলক অনেক বেশি।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাব জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে গড় শুল্কহার ছিল ২ দশমিক ৪ শতাংশ। পরে বিভিন্ন সিদ্ধান্তে তা বেড়ে ১ জুনে দাঁড়ায় ১৫ দশমিক ৬ শতাংশে। নতুন পাল্টা শুল্ক কার্যকর হলে তা আরও বাড়বে।
পোশাক খাতে কী হবে?
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় তৈরি পোশাক খাতে। এই খাতে আগে গড় শুল্কহার ছিল ১৬ দশমিক ৭৭ শতাংশ। এখন নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক যুক্ত হওয়ায় এই হার দাঁড়াবে ৩৬ দশমিক ৭৭ শতাংশে। তবে এখানেও পণ্যভেদে হেরফের রয়েছে। যেমন- ম্যান-মেইড ফাইবারে তৈরি সোয়েটার: আগে ৩২ শতাংশ, এখন ৫২ শতাংশ, তুলার সোয়েটার: আগে ১৬ দশমিক ৫০ শতাংশ, এখন ৩৬ দশমিক ৫০ শতাংশ, সুতার ছেলেদের আন্ডারপ্যান্ট: আগে ৬ শতাংশ, এখন ২৬ শতাংশ, ১ শতাংশ শুল্কের কিছু পণ্য: এখন ২১ শতাংশ,
পোশাক ছাড়া অন্য খাতেও শুল্ক বাড়ছে। যেমন- জুতা খাতে: আগে গড় শুল্ক ৮ দশমিক ৫ শতাংশ, এখন ২৮ দশমিক ৫ শতাংশ, হ্যাট ও হেডগিয়ার: আগে ৭ দশমিক ৫ শতাংশ, এখন ২৭ দশমিক ৫ শতাংশ চামড়াজাত পণ্য: আগে ১২ দশমিক ২ শতাংশ, এখন ৩২ দশমিক ২ শতাংশ, চামড়ার হাতব্যাগে: আগে ৯ শতাংশ, এখন ৩১ শতাংশ।