অর্থনৈতিক অঞ্চল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২১:১৬ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫ ২১:২০ পিএম
বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ব্যাগ ও ফ্যাশন অ্যাকসেসরিজ কারখানা প্রতিষ্ঠার লক্ষ্যে বেপজা এবং চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি।
চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কো. লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাগ ও ফ্যাশন অ্যাকসেসরিজ উৎপাদনকারী একটি শিল্প-কারখানা স্থাপনে ৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কো. লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার (১০ জুলাই) বেপজা কমপ্লেক্স, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর হয়।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান চিয়ান ড্যানচু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই বিদেশি প্রতিষ্ঠানটি প্রতিবছর ২ কোটি ৮০ লাখ পিস ব্যাগ, বেল্ট, ক্যাপ, হ্যাট, স্কার্ফ, মাফলার, আইওয়্যার ও চশমার ফ্রেমসহ বিভিন্ন ফ্যাশন পণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ২ হাজার ৮৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান ইউনিফার এই বিনিয়োগকে স্বাগত জানান এবং বিশেষভাবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি)সহ এ পর্যন্ত ৪২টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে, যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৯৪২.১৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান ইতোমধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে।