প্রবা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২ ১৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বিশ্ববাজারে অস্থিতিশীল রয়েছে জ্বালানি তেলের দাম। তৃতীয় প্রান্তিকে এসে জ্বালানি তেলের দাম এ বছরের সর্বনিম্ন স্তরে নেমেছিল। এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের শূন্য কোভিড নীতি কিছুটা শিথিল হওয়ায় বেড়েছে জ্বালানি তেলের বাজার। বৃহস্পতিবার এশীয় বাণিজ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে অর্থনৈতিক মন্দার কারণে জ্বালানি তেলের চাহিদা আবারও দুর্বল হওয়ার প্রবণতা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৭ ডলার ৮৭ সেন্টে দাঁড়িয়েছে। যেখানে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭৪ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৭২ ডলার ৭৫ সেন্ট হয়েছে।
জ্বালানি তেলের বাজার বিশ্লেষক সংস্থা আইজি-র বাজার কৌশলবিদ জুন রং ইয়েপ রয়টার্সকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে চাহিদা কমায় জ্বালানি তেলের বাজার অনেক সংকুচিত হয়েছে। ফলে জ্বালানি তেলের দাম ওঠানামার মধ্যেই রয়েছে। দীর্ঘ দিনের সংকুচিত দামগুলো স্থিতিশীল করার জন্য একটা প্রচেষ্টা চলছে। তবে সামগ্রিকভাবে সতর্ক থাকতে হবে। যেকোনো সময় আরও চাহিদা কমতে পারে। কারণ সরবরাহ-চাহিদার ভারসাম্যহীনতা এবং চীনের বাজার পুনরায় খোলার সম্ভাবনা স্বল্পস্থায়ী।’
এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে মার্কিন অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন গত সপ্তাহে প্রতিদিন ১ কোটি ২২ লাখ ব্যারেল বেড়েছে, যা আগস্টের পর থেকে সর্বোচ্চ। পেট্রোল স্টক সপ্তাহে ৫৩ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়ে ২১ কোটি ৯১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিজেল এবং উত্তাপ করার তেলসহ পাতনের মজুদ বেড়েছে প্রতিদিন ৬২ লাখ ব্যারেল।