প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৯:৪৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৯:৫৯ পিএম
বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা। প্রবা ফটো
পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিয়েছেন ২৬ বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীরা। বুধবার বিকেলে কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেন।
বৈঠকে কমিশনের পক্ষ থেকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিভিন্ন সহায়তা দেওয়ার আশ্বাস দেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। কিভাবে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে পুঁজিবাজার থেকে মুনাফা করা যায়- এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় কমিশনের পক্ষ থেকে।
এছাড়া যেসব বিমা কোম্পানি শর্ত সাপেক্ষে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করেছিল তাদের বিনিয়োগ পরিস্থিতি জানতে চায় বিএসইসি। নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা কোনো সহায়তা লাগলে তার জন্য বিএসইসি পদক্ষেপ নেবে বলেও জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।
পুঁজিবাজারে চলমান মন্দা পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিনিয়োগ বাড়াতে বিমা কোম্পানিগুলোকে নিয়ে একই ছাদের নিচে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। এ বৈঠকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএর চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন একজন নির্বাহী পরিচালক।
সম্প্রতি ২৬টি বিমা কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানগুলোকে সেই সুযোগ নেওয়ার তাগিদ দেন বিএসইসির কমিশনার।
২৬টি বিমা কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য ছাড় দিয়ে ২০২০ সালের ৩০ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছিল বিএসইসি। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বিমা কোম্পানিগুলো ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে ন্যূনতম ১৫ কোটি টাকার তহবিল উত্তোলন করতে পারবে। এক্ষেত্রে কোম্পানিগুলোকে তাদের মূলধনের ন্যূনতম ২০ শতাংশ অর্থ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। বিষয়টি বাস্তবায়নে গত ২৯ মার্চ এক চিঠিতে আইডিআরএকে চিঠি দিয়েছিল বিএসইসি।