প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৬:৪৫ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৭:১১ পিএম
প্রবা ফটো
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাণিজ্য ঘাটতির পরিমাণ ৯৫৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় এ বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালান্স অব পেইমেন্ট) এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে ২ হাজার ৫৫০ কোটি ৫০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। তার বিপরীতে ১ হাজার ৫৯১ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এতে ৯৫৮ কোটি ৭০ লাখ ডলারের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।
এ সময় সেবা খাতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। অক্টোবর মাস শেষে সেবা খাতে বাংলাদেশ আয় করেছে ২৯৭ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে ব্যয় হয়েছে ৪৩৩ কোটি ১০ লাখ ডলার। এ খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১৩৬ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতি ছিল ৯৭ কোটি ৬০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চলতি হিসাবের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরে একই সময়ে এ ঘাটতি ছিল ৩৮৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে ৬৬ কোটি ৭০ লাখ ডলার।
চলতি বছরের শুরু থেকেই দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করেছে। বাজার নিয়ন্ত্রণে রিজার্ভ থেকে ডলার ছেড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে ধারাবাহিকভাবে কমছে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে রিজার্ভ প্রায় ৩৪ বিলিয়ন ডলার। এসব সংকটের মধ্যেই বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি খাত প্রবাসী আয় ও রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। তবে শিগগিরই এসব সমস্যা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।