প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ১৪:৫২ পিএম
প্রবা ফটো
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘স্টার্টআপদের নিয়ে বাংলাদেশ ব্যাংক ভাবছে। তরুণদের আইডিয়াগুলো কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্টআপদের জন্য ৫০০ কোটি টাকার কো-ফাইন্যান্সিং ফান্ড তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আরো বাড়বে।’
উদ্যোক্তাদের জন্য সুখবর দিয়ে তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের বাইরে বাণিজ্যিক ব্যাংকগুলোও উদ্যোক্তাদের বিনিয়োগ করছে। বাণিজ্যিক ব্যাংকগুলো ৮০০-৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপদের জন্য। কেন্দ্রীয় ব্যাংক অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বিশ্বাসী, আমরা সেভাবেই যাচ্ছি।’
সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ইনভেস্টমেন্ট সামিট- ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের একটি সেশনে গভর্নর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘স্টার্টআপরা শুধু ঢাকা কেন্দ্রিকই বিনিয়োগ পাচ্ছে তা নয়, সারাদেশের যেকোনো স্থান থেকে তারা বিনিয়োগ নিতে পারছে। উদ্যোক্তারা হতাশ হলে নীতি নির্ধারকরা তাদের কথা শুনছেন।’
স্টার্টআপদের উদ্দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘৯৫ শতাংশ স্টার্টআপ সফল হতে পারে না। সেজন্য আপনাদের স্বচ্ছ হতে হবে। ইমিডিয়েট রিটার্ন চাইবেন না। আপনাকে বিক্রি বাড়িয়ে যেতেই হবে, টাকা একদিন আসবেই। অপেক্ষা করতেই হবে। ভেঞ্চার ক্যাপিটালগুলোও আপনাদে জন্য বিনিয়োগ করবে।’
অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, ‘কোনো বিনিয়োগকারী বাংলাদেশে এসে দেখে যান, আসল চিত্র দেখতে পাবেন। আমরা আপনাদের কথা বেশি শুনছি, আমরা কম কথা বলছি। আপনারা যা বলবেন আমরা তাই ফলো করব।’
ইন্টারনেটের দাম কমানোর কোনো উদ্যোগ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফাইয়্যেজ আহমেদ তৈয়্যব বলেন, ‘আমরা ইন্টারনেটের দাম গেটওয়ে লেভেল থেকে কমানোর উদ্যোগ নিচ্ছি। আর বর্তমানে অন্তর্বর্তী সরকার সুশাসন নিশ্চিতে কাজ করছে, সেটি সবার আগে আইসিটিতে নিশ্চিত করা হচ্ছে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইন্টারনেট বন্ধ করবে না এটা নিশ্চিত। ভবিষ্যতের কোনো সরকারও তা বন্ধ করতে পারবে না। এসওপি আর এনজিএসও এমনভাবে সাজানো হয়েছে তাতে ইন্টারনেট বন্ধের কোনো পলিসি রাখা হয়নি।’