× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করমুক্ত আয়সীমা ৫ লাখ করার প্রস্তাব ব্যবসায়ীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১১:০৩ এএম

প্রবা গ্রাফিক্স

প্রবা গ্রাফিক্স

আগামী বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। পাশাপাশি, ব্যবসায়ীদের ওপর করের চাপ কমাতে করপোরেট ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিগত আয়করের হার আরও বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, উন্নত দেশের মতো ব্যক্তির করহার বাড়ানো হলে আয় বৈষম্য কমবে এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে।

গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলা হয়। আলোচনায় ডিসিসিআই ছাড়াও বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর’স অ্যাসোসিয়েশন (বাপা), শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) অংশ নেয়।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘করমুক্ত আয়ের সীমা ৫ লাখ করা উচিত। ব্যক্তির সর্বোচ্চ কর কমানো উচিত। কর জাল বাড়ানোর জন্য এনবিআরের পদক্ষেপ নিতে হবে।’ 

এ সময় বাণিজ্যিক আমদানিতে আগাম কর কমানো, ভ্যাটের একক হার করার প্রস্তাব দেন তিনি।

সংগঠনটির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে অটোমেটেড করপোরেট কর রিটার্ন চালু, ব্যবসায়ীদের ওপর থেকে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) সংগ্রহে বাধ্যবাধকতা প্রত্যাহার করা, ভ্যাট ব্যবস্থা ডিজিটাল করতে ওয়েবসাইটের পাশাপাশি একটি মোবাইল অ্যাপ তৈরি ও তা ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক করা ও একক মূসকহার বা ভ্যাট হার ১০ শতাংশ করা।’

তাসকীন আহমেদ বলেন, ‘করপোরেট কর রিটার্ন প্রদানে স্বয়ংক্রিয় পদ্ধতি না থাকায় করপোরেট প্রতিষ্ঠানগুলো ম্যানুয়ালি রিটার্ন জমা দেয়। ম্যানুয়াল বা হাতে লেখা রিটার্ন সময়সাপেক্ষ, জটিল ও ত্রুটিপূর্ণ হয়। এসব উল্লেখ করে দ্রুত করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য অটোমেটেড করপোরেট কর রিটার্ন চালুর করা প্রয়োজন।’ 

প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘ব্যক্তির কর বেশি হওয়া উচিত। কোম্পানির কম হওয়া উচিত। এবার ব্যক্তির কর ৩০ শতাংশ হবে। এটাকে আরও বাড়ানো উচিত। ভারতেও বেশি। উন্নত দেশে ৫০ থেকে ৫৫ শতাংশ। এটাকে কমানো ঠিক হবে না। বাড়াতে হবে। নইলে বৈষম্য কমবে না। উন্নত দেশে ব্যক্তির কর বেশি হওয়ায় বৈষম্য কম। এটা ঠিক তারা বেশি কর দিয়ে বেশি সেবা পান। আমাদেরও সেবা নিশ্চিত করতে হবে। তাহলে মানুষ হাতে কম টাকা রাখবে।’ 

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি। তারাই এখন ভুগছে। সবাই একমত হলে, হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। আপনাদের এফবিসিসিআইকে প্রস্তাব দিতে বলেন। দরকার হলে আমরা, ব্যবসায়ীদের জন্য সফটওয়্যারও করে দেব। যত ঝগড়া ভ্যাটের অনেক হারের কারণে।’

আত্মা’র পক্ষ থেকে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন এবং মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকার খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এই প্রস্তাব বাস্তবায়ন করা হলে স্বল্প আয়ের ধূমপায়ী ধূমপান ছাড়তে বিশেষভাবে উৎসাহিত হবে। একই সঙ্গে তরুণ প্রজন্ম ধূমপান শুরু করতেও নিরুৎসাহিত হবে বলে সভায় জানানো হয়। এ ছাড়া প্রতি ১০ শলাকা উচ্চ স্তরের সিগারেটের খুচরা মূল্য ১৪০ টাকায় অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এই তিনটি স্তরে সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ বহাল রাখার প্রস্তাব করা হয়।

প্রাক-বাজেট সভায় ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। এ ছাড়া সকল তামাকপণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার প্রস্তাব করা হয়।

আসন্ন বাজেটে প্রস্তাবিত তামাক কর সংস্কার বাস্তবায়ন করা হলে ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ এবং জনস্বাস্থ্য উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রায় ৯ লাখ তরুণসহ মোট ১৭ লাখের অধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

এনবিআর চেয়ারম্যান জানান, সিগারেটের স্তর সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটিতে নামিয়ে আনা এবং দাম বাড়ানোর বিষয় বিবেচনা করবে এনবিআর। পাশাপাশি প্রজ্ঞা ও আত্মা’র তামাক কর কাঠামো সংস্কারে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ প্রস্তাবকে সাধুবাদ জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আলু কেনার ক্ষেত্রে ১ শতাংশ এআইটি হ্রাস করা, কোল্ড স্টোরেজের বিভিন্ন দ্রব্যাদি ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ও এআইটি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। 

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, মশার কয়েল, অ্যারোসল, রিপিলেন্ট আমদানিতে করহার কমানোর প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর’স অ্যাসোসিয়েশন (বাপা) কৃষিজ পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তনে অব্যাহতি, বিক্রয়ের ওপর ন্যূনতম আয়কর ০.৬০ বাতিল করা, মূসকের আদর্শ হার হ্রাস করার প্রস্তাব দিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা