প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম
বসন্ত এসেছে, প্রকৃতির রূপে নতুনত্ব নিয়ে-শীতের শুষ্কতা কাটিয়ে সেজে উঠেছে প্রকৃতি। এই নতুনত্বের স্বাদ নিতে ঢাকা শহরের ধানমন্ডির মাইডাসে ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল সিজন-২। দুই দিনব্যাপী এই আয়োজনটি ছিল সৃজনশীল উদ্যোক্তাদের এক মিলন মেলা, যেখানে ৩০ জন উদ্যোক্তা তাদের সেরা পণ্য উপস্থাপন করেন।
এবারের স্প্রিং কার্নিভাল সিজন-২ এর থিম ছিল ‘কালার্স অব বাংলাদেশ’, যা দেশের বহুমাত্রিক রূপ ও বৈচিত্র্যকে তুলে ধরে। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেণী বুননের শাহেদুল ইসলাম হেলাল, ট্যান এর তানিয়া ওয়াহাব, সিগনেট এর ফারজানা রিপা এবং জ্যেষ্ঠ লাইফস্টাইল সাংবাদিক শেখ সাইফুর রহমান। অতিথিদের সম্মাননা জানানো হয় ফুলের তোড়া, স্মারক ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে।

প্রদর্শনীতে ছিল ৭টি ক্যাটাগরিতে-পোশাক, গয়না, প্রসাধনী ও স্কিন কেয়ার, খাবার, ব্যাগ, আর্টস-ক্র্যাফট, হোম ডেকোর। মাইডাসের হলগুলো সাজানো ছিল নান্দনিক উদ্যোক্তার সিগনেচার পণ্য দিয়ে। সৃজনশীল শাড়ি, হাতে তৈরি গহনা, পাট ও কাঠের তৈরি পণ্য, জুতা, হোম ডেকোর, অর্গানিক তেলসহ নানা পণ্য ছিল এক ছাদের নিচে।
বিশেষ কিছু পণ্যের মধ্যে ছিল তাসার বোহো থিমের শাড়ি, দিশার ডিজিটাল প্রিন্টের শাড়ি ও কুর্তি, বেনে ফুটওয়্যারের চামড়ার জুতা, হুল্লারের রিকশা থিমের গহনা, চিত্রাঙ্গদার নকশায় ব্লাউজ এবং বেগম বাহারের বেনারসি সফট শাড়ি। প্রতিটি স্টলে ছিল নতুনত্ব এবং আকর্ষণীয়তা।
শিশুদের জন্য ছিল কিডস কার্নিভাল, যেখানে ছিল ছবি আঁকা, সায়েন্স এক্সপেরিমেন্ট ও খেলার আয়োজন। এছাড়া, লটারির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা সুযোগ পেয়েছেন নানা পুরস্কারের।
ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল তিনটি বিশেষ পুরস্কার-ঢাকা-কক্সবাজার, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের কাপল টিকিট। এছাড়া, গো গার্লস-এর পক্ষ থেকে নারীদের জন্য বিশেষ ডিসকাউন্টসহ আরও অনেক পুরস্কার প্রদান করা হয়।
এই আয়োজনটি ছিল বসন্তের আগমনের এক সুন্দর উদযাপন, যেখানে ঘটেছিল নতুনত্ব ও সৃজনশীলতার এক মেলবন্ধন।