প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:২৭ পিএম
রবিবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে মতবিনিময় সভা এফবিসিসিআইর ব্যবসায়ী প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার স্থিতিশীল রাখা, ডলারের যোগান স্বাভাবিক রাখাসহ অনিচ্ছাকৃত ঋণখেলাপীদের নীতিসহায়তা দেয়ার মাধ্যমে অর্থনীতিতে পূনর্বাসনের জন্য বাংলাদেশ ব্যাংককে বেশকিছু সুপারিশ জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানাকে নীতিসহায়তা প্রদান, বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত ক্ষতি মোকাবেলায় উদ্যোক্তাদের সহায়তা প্রদান, সময়মত এক্সপোর্ট বিল পরিশোধ, এসএমই এবং কৃষি খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা সম্প্রসারণসহ দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দলের মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।মতবিনিময় সভায় স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে কাজ করছে। অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা আহ্বান করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এফবিসিসিআই‘র সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার, সাবেক পরিচালক আব্দুল হক, মো. গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হক, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআইর সাধারণ পরিষদ সদস্য জাকির হোসেন নয়ন ও মো. জাকির হোসেন প্রমুখ।