প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম
কৃষি প্রক্রিয়াজাত খাতে বর্ধিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) প্রতিনিধিরা।
সাক্ষাৎকালে ব্যবসায়ীরা কোনো পূর্ব আলোচনা ছাড়াই ভ্যাট ও শুল্ক বাড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, এ সিদ্ধান্ত দেশের প্রান্তিক কৃষক, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য ক্ষতিকর হবে। দ্রুত এ খাতের বাড়তি কর প্রত্যাহারের অনুরোধ জানান তারা।
বাপার সভাপতি এম এ হাশেমের নেতৃত্বে প্রতিনিধি দলে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাপার নেতারা জানান, করোনার ধাক্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট বৃদ্ধির এ উদ্যোগ মোটেও যুক্তিসঙ্গত নয়। এর ফলে ভোক্তা চাহিদা কমে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে এ খাতের ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান।
তারা আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি এবং ডলার বাজারে অস্থিরতার কারণে কৃষি প্রক্রিয়াজাত খাত ইতিমধ্যেই চাপে আছে। ভ্যাট বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য খাদ্যপণ্য কেনা আরও কঠিন হয়ে পড়বে এবং কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ৯ জানুয়ারি এনবিআর ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেয়, যা কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ওপরও প্রযোজ্য। এর মধ্যে বিস্কুট, কেক, আচার, টমেটো পেস্ট, ফলের রস ও বিভিন্ন পানীয়র ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, এনবিআর চেয়ারম্যান তাদের প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং দ্রুত সিদ্ধান্ত নেবেন। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।