× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যস্ফীতি এখনও বাড়তি, চাপে মধ্যবিত্তরাও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:২৬ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:৪৩ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে কথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রবা ফটো

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে কথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রবা ফটো

মূল‍্যস্ফীতি কিছুটা কমলেও সেটা এখনও বাড়তি রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি সবাই বলছে কিছুটা কমেছে, কিন্তু এটাকে কম বলে না। মূল্যস্ফীতি এখনও বাড়তিই আছে। এর ফলে দিনমজুরদের ওপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপে আছে।’ 

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, ‘করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদি একটি ক্ষতি হয়েছে। এটা জনমিতির সুবিধার ক্ষেত্রে। জনসংখ্যা বয়স কাঠামোর মাঝামাঝি সময়ে চলছে। ১০ বছর পর জনসংখ্যার এই বয়সটা আর থাকবে না। কারণ তাদের সবারই বয়স বেড়ে যাবে। তখন চিকিৎসা খরচ আরও বাড়বে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে না পারি, তাহলে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়। এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থার ভীত রচনা করা।’ 

তিনি আরও বলেন, ‘রপ্তানিতে গতি ফিরে এসেছে। রেমিট্যান্স আগের থেকে বাড়ছে। এটা আশার কথা। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রকল্প আসায় এডিপি বাস্তবায়নেও গতি আসবে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা।’

বাংলাদেশে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামীর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য দেশের পানি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তৈরি করা দরকার।’

উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এক্ষেত্রে নারী-পুরুষ, বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি সেখানে মহার্ঘ্য ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এ ছাড়া ইতোমধ্যেই ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল।’ 

তিনি বলেন, ‘২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে বই যায়নি। কোনো কোনো বছর বই গিয়েছিল জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দিতে পেরেছি। ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে কোনো সম্পাদকীয়, উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা একটা পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করছি। বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত দরকার। তবুও ডেল্টা প্ল্যান তার জায়গায় থাকবে। ওটা শত বছরের পরিকল্পনা। কিন্তু কোনো বিশেষজ্ঞই বলতে পারবে না শত বছরে বাংলাদেশের কী অবস্থা হবে। তাই মধ্য মেয়াদি পরিকল্পনা দরকার।’ 

এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো : অর্থ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম কর ভবন নির্মাণ’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পÑ ‘মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং’ প্রকল্প, ‘মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (১ম সংশোধিত)’ প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্পÑ ‘ডাল ও তৈল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ ও ‘সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প। 

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন (২য় সংশোধিত)’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯নং কূপ (অনুসন্ধান কূপ) খনন’ প্রকল্প, খাদ্য মন্ত্রণালয়ের ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত’ প্রকল্প। এ ছাড়া আরও দুটি প্রকল্প অনুমোদন করা হয়।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৯টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়। সেগুলো হলোÑ রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স, বিভাগীয় কমিশনার ও ডিআইজির বাংলো নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ (২য় সংশোধিত) প্রকল্প, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত), আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প, পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ (২য় সংশোধিত) প্রকল্প, বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (২য় পর্যায়), আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টÑদ্বিতীয় পর্যায় (২য় সংশোধিত) প্রকল্প। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা