প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ২১:০৯ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ২১:৩৭ পিএম
বাংলাদেশের জিডিপি এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, বিশ্বের অনেক দেশের তুলনায় দেশের মূল্যস্ফীতি এখনো কম, রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক। সবমিলিয়ে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভালো অবস্থানে আছে। তাই বিনিয়োগের জন্য ভালো জায়গা বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পুুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মঙ্গলবার জাপানের বিএসইসি ও বিডা আয়োজিত ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে এখনও বিদ্যমান। পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বাংলাদেশে তাই আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিএসইসির চেয়ারম্যান।
বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে হাইব্রিড ফর্মে আয়োজিত ‘ইনভেস্টমেন্ট ফ্লাশ মব’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র সচিব ড. মাসুদ বিন মোমেন ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাপানের টোকিওতে এএনএ ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্মেলন স্বশরীরে যোগদানের কথা থাকলেও জাপানে কোভিড পরিস্থিতির কারণে দেশ থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. লোকমান হোসেন মিয়া।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিএসইসি ২০২১ ও ২০২২ সালে দুবাই, নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, জুরিখ, জেনেভা, লন্ডন, ম্যানচেস্টার এবং আবুধাবিতে বিনিয়োগ সম্মেলন করেছে।