প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১২:৪৮ পিএম
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে ভারতের আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (এপিজেএল)। সময়মতো বকেয়া বিল না পেয়ে প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে।
বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
জানা গেছে, শুধু বাংলাদেশেই বিদ্যুৎ রপ্তানির জন্য নিবেদিত আদানির ১ ইউনিট, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৭৫০ মেগাওয়াট। বৃহস্পতিবার সেখান থেকে কোনো বিদ্যুৎই উৎপাদন করা হয়নি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনের বেলা আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র গড়ে মাত্র ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। যদিও বুধবার পর্যন্ত দিনে গড়ে ১ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হতো।
এই প্রথম বকেয়া বিলের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল আদানি। আগামী সপ্তাহের মধ্যে অর্থ পরিশোধ না করলে ৭ নভেম্বর থেকে ৭৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন অবশিষ্ট বিদ্যুৎ ইউনিট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে তারা বিদ্যুৎ সচিবকে চিঠি দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৩০ অক্টোবরের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে বলেছিল।
চিঠিতে তারা জানিয়েছিল, নির্দিষ্ট তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে এপিজেএল ৩১ অক্টোবর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় প্রতিকারমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে।
গত ২৭ অক্টোবর পাঠানো ওই চিঠিতে বলা হয়, আপনি (সচিব) জানেন যে, নির্ধারিত সময়সীমা দ্রুত এগিয়ে আসছে এবং এখন পর্যন্ত পিডিবি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৭০ দশমিক ০৩ মিলিয়ন ডলারের ঋণপত্র দেয়নি ও বকেয়া ৮৪৬ মিলিয়ন ডলার পরিশোধ করেনি।
সময়মতো এলসি না দেওয়া এবং বকেয়া পরিশোধ না করার ফলে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের আওতায় ম্যাটারিয়াল ডিফল্ট ঘটেছে, যা আদানি পাওয়ারের সরবরাহ বজায় রাখতে বাধা দিচ্ছে।
বহু বকেয়া পরিশোধ ও এলসির অভাবে আমরা কয়লা সরবরাহকারী এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণ কন্ট্রাক্টরদের জন্য কাজের মূলধন নিরাপদে রাখতে পারছি না। আমাদের ঋণদাতারাও সহায়তা প্রত্যাহার করছে।
আদানি তাদের চিঠিতে বিপিডিসিকে ৩০ অক্টোবর, ২০২৪-এর মধ্যে এ ডিফল্টগুলো সমাধানের আহ্বান জানায়। অন্যথায় ৩১ অক্টোবর থেকে সরবরাহ বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে।