× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্প খাতের প্রবৃদ্ধিতে ধস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২২:১৮ পিএম

শিল্প খাতের প্রবৃদ্ধিতে ধস

সরকারের আমদানি নীতি ও গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে শিল্প খাতের প্রবৃদ্ধিতে বড় ধস নেমে এসেছে। বিদায়ি ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ছিল ১০ দশমিক ১৬ শতাংশ। শিল্পের শ্লথগতির কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সার্বিক প্রবৃদ্ধিতে প্রভাব পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সূত্রে এ তথ্য জানা গেছে। 

২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ছিল ১০ দশমিক ১৬ শতাংশ, অর্থাৎ গত অর্থবছরের শেষ প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি কমেছে ২ দশমিক ৫৫ গুণ। 

২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ২৫ শতাংশ। সে হিসাবে গত জানুয়ারি-মার্চ প্রান্তিকের চেয়ে এপ্রিল-জুন প্রান্তিকে শিল্পের প্রবৃদ্ধি ১ দশমিক ৫৭ গুণ কমেছে।

২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। আর তার আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া সদ্যবিদায়ি অর্থবছরের প্রথম প্রান্তিকে তার আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধির হার বেশি ছিল। বিবিএসের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২২ শতাংশ আর ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে হয়েছিল ৫ দশমিক ৮০ শতাংশ। 

তথ্য পর্যালোচনায় দেখা যায়, শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে অবকাঠামো খাতের সংকোচন। শিল্প খাতের প্রবৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি উপখাতকে বিবেচনায় নেওয়া হয়। এগুলো হচ্ছেÑ খনি ও খনন, শিল্পের উৎপাদন, বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ এবং অবকাঠামো। গত অর্থবছরের সর্বশেষ প্রান্তিকে (এপ্রিল-জুলাই) মোট জিডিপিতে অবকাঠামো খাতের অবদান ছিল ১ লাখ ৩২ হাজার ৪৪৩ কোটি টাকার, যা আগের প্রান্তিকের চেয়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কম। একইভাবে আগের প্রান্তিকের চেয়ে উৎপাদন কমেছে সাড়ে আট হাজার কোটি টাকার।

বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবছরের শেষ বা চতুর্থ প্রান্তিকে শিল্পের উপখাতগুলোর মধ্যে দুটির সংকোচন ঘটেছে ও দুটিতে প্রবৃদ্ধি হয়েছে। সংকোচন হয়েছে খনি ও নির্মাণ খাতে। অন্যদিকে উৎপাদন এবং বিদ্যুৎ-গ্যাস ও পানি সরবরাহে প্রবৃদ্ধি হয়েছে।

বিশেষ করে, নির্মাণ খাতের সংকোচন বিশেষভাবে উল্লেখযোগ্য। এই খাতে বিপুল পরিমাণ কর্মসংস্থান হয়। গত অর্থবছরের শেষ প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধির সংকোচন ঘটেছে ১ দশমিক ৫৩ শতাংশ। যদিও আগের অর্থবছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ৬৯ শতাংশ।

প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশে ঋণের প্রবৃদ্ধি কম এবং বেসরকারি বিনিয়োগ স্থবির থাকলেও প্রকৃত তথ্য গোপন করে এত দিন উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছে। চতুর্থ প্রান্তিকে এসে যেটা দেখা গেল, সেটাই সম্ভবত বাস্তবতা।’ উচ্চ মূল্যস্ফীতি ও আমদানিতে সীমাবদ্ধতা আরোপও প্রবৃদ্ধি কমার কারণ বলে মনে করেন তিনি। 

গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এ খাতে প্রবৃদ্ধি হয় ৫ দশমিক ২৭ শতাংশ। যা তার আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয় যথাক্রমেÑ শূন্য দশমিক ৩৫ শতাংশ, ৪ দশমিক শূন্য ৮ শতাংশ ও ৫ দশমিক ১৬ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি হয় যথাক্রমে শূন্য দশমিক ২২ শতাংশ, ৩ দশমিক ৮৩ শতাংশ এবং ১ দশমিক ৯২ শতাংশ। 

তিন খাতের মধ্যে চতুর্থ প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতে। এই প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৬৭ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ছিল ৪ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের তিন প্রান্তিকে যথাক্রমে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক শূন্য ৭ শতাংশ, ৫ দশমিক ৭৮ শতাংশ এবং ৩ দশমিক ৮১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৯ দশমিক ৪৩ শতাংশ, ৬ দশমিক ৩৭ শতাংশ এবং ১ দশমিক ৪৫ শতাংশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা