× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ডিম বিক্রি বন্ধ রাখার ঘোষণা ব্যবসায়ী সমিতির

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৯:২৩ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৯:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সরকারের বেঁধে দেওয়া দামে ডিম কিনতে না পারায় চট্টগ্রামে ডিম বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম ডিম আড়তদার ব্যবসায়ী সমিতি। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে চট্টগ্রামের সবগুলো আড়তে তালা ঝুলিয়ে দিয়েছেন আড়তদাররা।

এ সর্ম্পকে জানতে চাইলে চট্টগ্রাম ডিম আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকার থেকে আমাদেরকে প্রতি পিস ডিম খুচরায় ১১ টাকা ৮৭ পয়সা বিক্রির জন্য দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে মোকাম থেকে প্রতি পিস ডিম কিনতে হচ্ছে ১২ টাকা ৮০ পয়সায়। তাহলে আমরা সরকার নির্ধারিত দামে কিভাবে বিক্রি করব?’

তিনি আরও বলেন, ‘এ কারণে আমরা যত দিন সরকার নির্ধারিত দামে কিনতে পারব না, তত দিন আমরা ডিম বিক্রি না করার ঘোষণা দিয়েছি। কারণ, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে গেলে আমাদেরকে জরিমানা করছে। আজকেও আমাদের এক সদস্য জৈনপুরী ট্রেডার্সকে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে।’

এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরবরাহকারীরা সরকারের নির্ধারিত মূল্যে ডিম সরবরাহ করবে না, আমাদের আড়তও ততদিন বন্ধ থাকবে।’

এদিকে আড়তে ডিম বিক্রি বন্ধ থাকলেও নগরীর বিভিন্ন এলাকার ডিমের দোকানে খুচরায় ডিম বেচাকেনা স্বাভাবিক রয়েছে। খুচরা দোকানে আজ সরবরাহও স্বাভাবিক ছিল। খুচরায় প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগের দিন রাতে আনা ডিমগুলো প্রতিদিন সকালে আড়তে বিক্রি করা হয়। সেই হিসেবে গতকাল রাতে যেসব ডিম আড়তে আনা হয়েছে, সেগুলো আজ সকালে বিক্রি করা হয়েছে। তাই আজ খুচরায় ডিম বিক্রিতে কোনো প্রভাব পড়েনি। আড়তদাররা আজ রাতে ডিম না কিনে আনলে আগামীকাল (মঙ্গলবার) থেকে খুচরায় ডিমের সংকট তৈরি হতে পারে।

তেজগাঁও আড়তেও ডিম বিক্রি বন্ধ

রাজধানী ঢাকার তেজগাঁও আড়তেও ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

জানা যায়, রবিবার রাতে তেজগাঁও আড়তে ডিমের কোনো ট্রাক আসেনি। শনিবার রাতেও খুব কম পরিমাণে ডিম বিক্রি করেছেন আড়তের বিক্রেতারা।

এখানকার ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তাদের ডিম কিনতে হচ্ছে। কিন্তু কেনা দামের ভিত্তিতে তা বিক্রি করতে পারছেন না। সরকার নির্ধারিত দাম নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। তাই ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানার ভয়ে তাঁরা মুরগির ডিম বিক্রি বন্ধ রেখেছেন। ফলে গতকাল রাতে তেজগাঁওয়ে ডিমের কোনো গাড়ি আসেনি; কোনো ডিমও বিক্রি হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা