প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৭:১৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৭:২৮ পিএম
রাজধানীর বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম। প্রবা ফটো
দুই মাস যাবৎ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের দাম বাড়ছে। বিশেষ করে কয়েক সপ্তাহ ধরে বৃদ্ধির হার অস্বাভাবিক। এ অবস্থায় বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকি বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা।
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচাবাজারে ও ফকিরাপুল কাঁচাবাজারে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তারা বিভিন্ন অনিয়মের কারণে কয়েকটি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।
ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, সবজি ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ ছাড়াও কৃষি মার্কেট ভেঙে ফেলায় পার্কিংয়ে দোকান বসানো হলে বিভিন্ন মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকানগুলো সরানোর জন্য বাজার কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারে তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ।
এদিকে রাজধানীর বাজারগুলোতে বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির সাদা ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। লাল ডিম বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।
আর সবজির মধ্যে প্রতি কেজি চিকন লম্বা বেগুন এখন ৮০ থেকে বেড়ে ১২০ টাকা, গোল বড় বেগুন ২০ টাকা বেড়ে ১৮০ টাকা ও সাদা বেগুন ১৪০ টাকা হয়েছে। পটোল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, বরবটি ১৪০, কাঁকরোল ১২০, চিচিঙ্গা ১০০, করল্লা ১০০, উচ্ছে ১২০ এবং ঝিঙা ৮০ টাকা। এর সবগুলোর দামই বেড়েছে ২০ টাকা করে। ৫ টাকা বেড়ে আলু এখন ৬০ টাকা, শিম ২৪০ থেকে ১২০ টাকা বেড়ে ৩৬০, পেঁপে ১০ টাকা বেড়ে ৪০, মুলা ৩০ টাকা বেড়ে ৮০ এবং টমেটো ৮০ টাকা বেড়ে ২৬০ টাকা হয়েছে। এ ছাড়া কচুরমুখী ৮০ টাকা, প্রতি পিস ফুলকপি ৮০, বাঁধাকপি ৭০ এবং পেঁয়াজ কেজিপ্রতি ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিং মাছ ৫৫০, পাবদা ৪০০-৪৫০, তেলাপিয়া ২৪০, রুই মাছ ৩২০-৪০০, কই মাছ ২৫০ ও পাঙাশ ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।