প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৯:০৫ পিএম
ফাইল ফটো
ফ্লোর প্রাইসে বা সর্বনিম্ন দামে লেনদেন শুরুর আগেই বড় ধরণের বিক্রয় আদেশ বসানোর সুযোগ বন্ধে ‘প্রি ওপেনিং সেশন’ তুলে নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিএসইসি। ফলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। শেষ ১০ মিনিট হবে ‘পোস্ট ক্লোজিং সেশন’। এই সেশনে শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হবে ‘ক্লোজিং প্রাইসে’।
এই পরিবর্তন নিয়ে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, প্রি ওপেনিং সেশনে বিনিয়োগকারীরা বড়ধরণের বিক্রয় আদেশ দিয়ে শেয়ারের মূল্য নির্ধারণে ভূমিকা রাখছে। যার ফলে অনেক শেয়ারের দাম সকাল বেলায় নির্ধারিত হয়ে যায়। এ প্রবণতা এড়াতেই প্রি ওপেনিং সেশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গত ১৫ নভেম্বর থেকেই সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ার লেনদেন চলছিল। কিন্তু প্রি ওপেনিং সেশন থাকায় লেনদেন শুরুর আগে ৯ টা ৫৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত শেয়ারের ক্রয় ও বিক্রয় আদেশ দেওয়া যেত। এ নিয়ে তিন দফায় প্রি-ওপেনিং সেশনের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলো বিএসইসি।