কক্সবাজার অফিস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৭ পিএম
দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠান দুটি এবার আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাটা) ২০২৪ পুরস্কার অর্জন করেছে।
সায়মন বিচ রিসোর্টকে ‘লিডিং বিচ রিসোর্ট’ এবং সায়েমান হেরিটেজকে ‘লিডিং হেরিটেজ হোটেল’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
বাংলাদেশের আতিথেয়তা খাতে বিশ্বমানের সেবা প্রদানে সায়মনের নেতৃত্ব ও কর্মকাণ্ড প্রশংসিত হওয়ায় তাদের এই সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাটা) ২০২৪ এর পুরস্কারটি গ্রহণ করেন সায়মন বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার মি. পুবুদু ফার্নান্দো।
বাংলাদেশের আতিথেয়তা খাতে বিশ্বমানের সেবা প্রদানে সায়মনের নেতৃত্ব ও কর্মকাণ্ড প্রশংসিত হওয়ায় তাদের এই সম্মাননা প্রদান করে সংস্থাটি।
এই অসাধারণ অর্জনের পাশাপাশি, সায়মন বিচ রিসোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. পুবুদু ফার্নান্দোকে দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার হিসেবে সম্মানিত করা হয়েছে।
এই সাফল্য সায়মন গ্রুপের উন্নত আতিথেয়তা এবং অতিথিদের জন্য ব্যতিক্রমি সেবা প্রদানের অঙ্গীকারের প্রতিফলন। সায়মন কর্তৃপক্ষ তাদের অতিথি ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাদের প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজারে ব্যক্তি মালিকানাধীন প্রথম ৫ তারকা হোটেল সায়মন। এ দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশের পর্যটন ছাড়িয়ে বিদেশের মাটিতেও কক্সবাজারের পরিচয় উজ্জ্বল করছে। সায়মন পরিবারের নতুন সংযোজন ‘সায়মন হেরিটেজ’। হোটেলটির নান্দনিকতা ইতোমধ্যে দেশি-বিদেশি পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই পুরস্কার লাভ করার মাধ্যমে এটিও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল।
এ বিষয়ে সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান বলেন, এ সাফল্য শুধু সায়মন পরিবারের নয়; এটি কক্সবাজারবাসীরও অর্জন। যাদের ভালোবাসায় আজ প্রতিষ্ঠান দুইটি কক্সবাজারের নাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে। তিনি সায়মনের সেবা গ্রহণকারী সব পর্যটকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃতিই নয়, সায়মন বিচ রিসোর্ট দেশের অর্থনীতিতেও বড় অবদান রেখেছে। গেল অর্থ বছরেও কক্সবাজারের সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে এনবিআর কর্তৃক স্বীকৃতি লাভ করে।