প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৭:৩৯ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৮:১৫ পিএম
ফাইল ফটো
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। আগের দুই কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর প্রধান সূচক ৭৫ পয়েন্ট কমলেও, তৃতীয় দিনে এসে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় ডিএসইতে। যার ধারাবাহিকতা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। ফলে দিন শেষে ৩৯ পয়েন্ট যোগ হয়ে প্রধান সূচক ডিএসইএক্সে অবস্থান করছে ৬ হাজার ২৩০ পয়েন্টে।
তবে সূচক বৃদ্ধির তেমন কোনো প্রভাব নেই শেয়ার লেনদেনে। সারা দিনে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে তালিকাভুক্ত ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়নি। ফলে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন হয় ৩১৩টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির দর।
ডিএসইতে লেনদেনে শীর্ষে অবস্থান করছে জেনিক্স ইনফোসিস লিমিটেড। প্রতিষ্ঠানটির ৩৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮২ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা পদ্মা লাইফ ইনস্যুরেন্সে ১৯ কোটি ২০ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৬ কোটি ৩৩ লাখ এবং নাভানা ফার্মাসিউটিক্যালের ১৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫৪ টাকা ২০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ দশমিক শূন্য ৯২ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৮৫ টাকা ৩০ পয়সায়। এ ছাড়া বিডিকম অনলাইনের ৯ দশমিক ৮৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৯ দশমিক ৭৪ শতাংশ এবং পদ্মা লাইফ ইনস্যুরেন্সের ৯ দশমিক ৫২ শতাংশ দর বেড়েছে।
ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে আলহাজ টেক্সটাইল মিলস। শেয়ারটির দর ২ দশমিক ২১ শতাংশ কমে সর্বশেষ ১৩২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে আছে সোনালি আশ ইন্ডাস্ট্রিজ। এ শেয়ারের দাম ১ দশমিক ২৯ শতাংশ কমে লেনদেন হয় ৬৮১ টাকায়। এ ছাড়া বাটা সু কোম্পানির ১ দশমিক ২৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১ দশমিক ১০ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকের শেয়ার শূন্য দশমিক ৭৬ শতাংশ দর হারিয়েছে।
এদিকে মূল মার্কেটের ধারাবাহিকতায় ইতিবাচক প্রবণতা দেখা যায় ডিএসইর এসএমই বোর্ডেও। ডিএসএমই-এক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫১ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৪টির দর।
অপরদিকে ডিএসইর ধারাবাহিকতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতে সূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪১৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ৭ কোটি ৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।