× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একনেকে ৪ হাজার ৮২৬ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রামে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানসহ আট প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৩৪১ কোটি, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২ হাজার ২০৭ কোটি ও বাস্তবায়নকারী সংস্থা থেকে ২৭৮ কোটি টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরিহার ঊর্ধ্বমুখী। এটা ভালো লক্ষণ। ডিসেম্বর, জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি স্থিতিশীল হবে।’

তিনি বলেন, ‘এ মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি ৭-এর কাছাকাছি থাকবে। আমাদের গুদামে ২ বিলিয়ন টন চাল আছে। মাঠে আমন আছে। বাম্পার ফলন হবে। সবজির উৎপাদন গত কয়েক বছরে ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক বেড়েছে। গরু, ছাগল ভেড়া, হাঁস, মুরগি, ডিম, দুধ সবকিছুর উৎপাদন বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘সরবরাহ চেইন ভালো আছে। আমাদের রেমিট্যান্স ভালোর দিকে মোড় নিচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।’

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু ফসল উৎপাদন নয়, এখন থেকে ফসলের গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়, এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে; যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। প্রয়োজনে প্রযুক্তি আমদানি করতে হবে। জলবায়ুর একটি প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না। তিনি বলেছেন কোনোমতেই পরিবেশকে ডিস্টার্ব করা যাবে না।’

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন খালগুলো ভরাট না হয়ে যায়। যেকোনো প্রকল্প বাস্তবায়নেই ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ না করতেও নির্দেশনা দিয়েছেন। এর বাইরে বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে নজর রাখতে হবে।

আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে পরিকল্পনামন্ত্রী নিজের মতামত তুলে ধরে বলেন, ‘যেটা হয়েছে, সেটা গ্রহণযোগ্য নয়। এ ঘটনার ফলে মানুষজন এটা নিয়ে চিন্তায় আছে। এজন্য কারাগারের প্রকল্পগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। একটি গোষ্ঠীই আছে, তারা অসৎ উদ্দেশ্যে নাছোড়বান্দা। তারা আরও অনেক দূর যাবে, এজন্য আমাদের অনেক দূর যেতে হবে।’

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলোকুমিল্লা সড়ক বিভাগাধীন চারটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণ প্রকল্প। ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রো রেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চিটাগাং মেট্রোপলিটন এরিয়া প্রকল্প। কোস্টাল টাউনস ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্ট। বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প। কারা নিরাপত্তা আধুনিকায়ন, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ প্রকল্প। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার তৃতীয় পর্যায়) প্রকল্প। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) সত্যজিত কর্মকার, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন সিদ্দিকি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা