চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯ পিএম
অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে আমদানি-রপ্তানিকারকরা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করা হয়।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাশুল (ট্যারিফ) আদায় করছে। এছাড়াও ওয়্যারহাউস ভাড়া ও নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। এসব বিষয়ে একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বাধ্য হয়েই আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা। আমদানি-রপ্তানিকারকরা সোনামসজিদ স্থলবন্দর বাদ দিয়ে অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি করছে।
তবে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম অভিযোগটি অস্বীকার করে বলেন, বন্দরের দাপ্তরিক কার্যক্রম চলছে। আমদানি-রপ্তানি বন্ধ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত সমাধান হবে।