আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৪ পিএম
আশুলিয়ার কারখানাগুলোতে বেড়েছে শ্রমিক উপস্থিতি। প্রবা ফটো
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় গত দুই সপ্তাহ ধরে চলমান শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হওয়া ২১৯ কারখানার অধিকাংশই খুলে দেওয়া হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে ৫২টি কারখানা। এর মধ্যে ৩৯টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শিল্পাঞ্চল আশুলিয়ার কোথাও কোনো কারখানায় অস্থিরতা দেখা যায়নি। এমনকি সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় মোট কারখানা রয়েছে ১ হাজার ৮৬৩টি। এর মধ্যে অধিকাংশই পোশাক কারখানা। গত কয়েক দিনের চেয়ে আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে দাবি-দাওয়া নিয়ে সুরাহা না হওয়ায় এখনও পর্যন্ত ৩৯টি কারখানা বন্ধ আছে। এ ছাড়া ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন দাবিতে টানা কয়েক দিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছে। কিন্তু মালিকপক্ষ দাবি মেনে নেয়নি, শ্রমিকদের সঙ্গেও কোনো আলোচনায় বসেনি। যেসব কারখানাগুলোতে শ্রমিক এবং মালিকপক্ষ বসে আলোচনা হয়েছে, সেই কারখানাগুলোতে কাজ শুরু হয়েছে। কিন্তু আজও কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বন্ধ দেখে বাড়ি ফিরে যায়। এ ছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরেও কিছু কারখানায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শনিবার সকালে বেশিরভাগ পোশাক কারখানায় কাজ শুরু করেছে শ্রমিকরা। তবে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। গত বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল এলাকা আশুলিয়ায় ৮৬টি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া ১৩৩টি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছিল।
এদিকে শ্রমিকদের বিরুদ্ধে কারখানা ভাঙচুর ও কারখানা কর্মকর্তাদের মারধরের অভিযোগ এনে ২০ শ্রমিকের নামে মামলার প্রতিবাদে জামগড়া এলাকায় মদিনাপেল ফ্যাশন ক্রাফট লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আয়োজিত মানববন্ধন থেকে শ্রমিকরা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।