নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৮ পিএম
হুসনে আরা শিখা।
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন তিনি। এছাড়াও দুজনকে সহকারী মুখপাত্র করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক জবদুল ইসলাম স্বাক্ষরিত এ অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানান।
দুই সহকারী মুখপাত্র হলেন- ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানম।
হুসনে আরা শিখা ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ দিয়ে শুরু করা শিখা বৈদেশিক মুদ্রা নীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতির ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।