প্রবা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৯:১২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৯:২৩ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এ বছর খুচরা বাজারে পণ্য ২০২১ সালের তুলনায় ১২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করছে যুক্তরাজ্যের রিটেইল ইন্টেলিজেন্স ফার্ম স্প্রিংবোর্ড। তাই আসছে ২৫ নভেম্বর অনুষ্ঠিতক্য ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইতিমধ্যে চলছে নানা আয়োজন। তবে ২০১৯ সালের তুলনায় বিক্রি কিছুটা কম হতে পারে। খবর স্কাই নিউজের।
খবরে জানা গেছে, সাধারন ক্রেতারা মূল্যস্ফীতির চাপ এবং বড়দিনের পণ্য সরবরাহ ঘাটতির সম্ভাবনা নিয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে আছে। এ কারণে অনেকে অনলাইন থেকে কেনাকাটা কমিয়ে খুচরা দোকানে গিয়ে দর কষাকষি করে পণ্য কেনায় ঝুঁকছেন।
সারা বছর জমে থাকা পণ্য বিক্রির দিন হল ব্ল্যাক ফ্রাইডে। এদিনে ব্যবসায়ীরা তাদের সকল পণ্য অস্বাভাবিক মূল্যছাড়ে বিক্রি করে। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার পালিত হয় থ্যাঙ্কস গিভিং ডে বা ধন্যবাদ জানানোর দিন। তার পরদিন শুক্রবার পালিত হয় ব্ল্যাক ফ্রাইডে। যুক্তরাজ্যের মানুষ এ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে কারণ বছর জুড়ে যে পরিমাণ দামে পণ্যের বেচা বিক্রি হয়, তার প্রায় অর্ধেক দামে পণ্য কেনার সুযোগ পায় ক্রেতারা।
স্প্রিংবোর্ড থেকে জানা গেছে, যুক্তরাজ্যের শপিং সেন্টারগুলোতে গত বছরের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বিক্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের হাই স্ট্রিট শপিং সেন্টারে বিক্রিতে বৃদ্ধি পরিমান ১৩ দশমিক ২ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। তবে করোনা মহামারীর আগে ২০১৯ সালে ব্ল্যাক ফ্রাইডের খুচরা বিক্রি থেকে ৭ দশমিক ৮ শতাংশ কম হবে।
প্রতিষ্ঠানটির মার্কেটিং এবং ইনসাইটস ডিরেক্টর ডায়ান ওয়েহরেল বলেন, সাধারণ জনগণ মূল্যস্ফিতির চাপে পড়ে তাদের খরচের বাজেট অনেক কমিয়েছে। ক্রেতারা অনলাইনের পরিবর্তে খুচরা দোকানগুলোতে গিয়ে কেনাকাটা করার জন্য মুখিয়ে আছেন। কারণ করোনাকালে দুই বছর তাদের ঘরে বসে অনলাইনে পণ্য কিনতে হয়েছে। কিন্তু এ বছর দোকানে গিয়ে পণ্য কেনার জন্য সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ক্রেতারা দোকানে গিয়ে নিজে হাতে পণ্য দেখে কেনাকাটা করতে অনেক স্বাচ্ছন্দবোধ করে। এতে পণ্য কেনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয়। এছাড়া ইংল্যান্ডের হাই স্ট্রিট শপিং সেন্টারে ক্রেতা সাধারণের বড়দিনের সাজসজ্জার এবং নানা ধরনের আলোকসজ্জা উপভোগের বিশেষ সুযোগ পাবে।