× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসআইবিএলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৫ পিএম

এসআইবিএলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সদ্য সাবেক চেয়াম্যান বেলাল আহমেদ ও পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মাসুদ মিয়া নামে এক ব্যক্তির স্ত্রী ফাহিমা আক্তার মজুমদার বাদি হয়ে মতিঝিল থানায় গত ২ সেপ্টেম্বর মামলাটি করেছেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট এসআইবিএলের প্রধান কার্যালয়ে বাদীর স্বামী দাপ্তরিক কাজে গেলে এমডি ও চেয়ারম্যানের নির্দেশে শতাধিক ব্যক্তি তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর জখম করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলার অন্য আসমিরা হলেন, ডিএমডি মোহাম্মাদ ফোরকান উল্লাহ, ডিএমডি আব্দুল হান্নান খান, এসইভিপি তাওহীদুল ইসলাম, ইভিপি সালেহ উদ্দিন কুতুবী, এসভিপি শাকিল আনোয়ার, অফিস এটেন্ডেন্ট শাহরিয়ার, এফএডি মনসুর আহমেদ, জুনিয়র অফিসার মো. নূরুল হোসেন, অফিস এ্যাটেন্ডেন্ট মনসুর মিয়া, অফিসার শামসুল আলম, অফিস সহায়ক রিমন অফিস সহায়ক রবিউল পিতা, অফিসার মুরাদ, আফিসার তৌহিদুল আলম, অফিসার মো. তসলিম উদ্দিন, এটেন্ডেন্ট ইবরাহিম ও এটেন্ডেন্ট ইমতিয়াজ। এছাড়া এস আলমের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও চট্টগ্রামের পটিটা এলাকার দুই শতাধিক ব্যাক্তিকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী মাসুদ মিয়া গত ৮ আগস্ট দাপ্তরিক কাজে ব্যাংকের হেড অফিসে যান। ঐ সময়ে এসআইবিএলের উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান মেজর ডা. রেজাউল হকসহ কয়েকজন প্রাক্তন উদ্যোক্তা পরিচালক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মালিকানা সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তৎকালীন চেয়ারম্যান বেলাল আহমেদ ও এমডি জাফর আলমের নির্দেশে সাবেক চেয়ারম্যানসহ আগতদের উপর হামলা করে। এসময় বাদীর স্বামী মাসুদ মিয়া হামলার শিকার হন এবং গুরুতর আহত হন। সেনাবাহিনীর সদস্যরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  

এ বিষয়ে জানতে চাইলে বুধবার (৪ সেপ্টেম্বর) পদত্যাগ করা এমডি জাফর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনার সময় আমি ব্যাংকে ছিলাম না, তবুও আমাকে আসামি করা হয়েছে। আমার মানহানী এবং হয়রানির উদ্দ্যেশে মামলাটি করা হয়েছে বলে মনে হচ্ছে।’ 

তিনি বলেন, ‘এসআইবিএলে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছে। এস আলমের ঋণের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। কারণ এমডি হিসেবে আমার মাত্র ৫ কোটি টাকার ঋণ দেওয়ার ক্ষমতা ছিল। শত শত কোটি টাকর ঋণ অনুমোদন দিয়েছে বোর্ড।’ 

তাকে ফাঁসানো হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘যদি এমন ঘটনা ঘটতে থাকে তাহলে সৎ লোকেরা কোনঠাসা হয়ে পড়বে। আমি এসআইবিএলের ইতিহাসে অভূতপূর্ব কাজ করেছি। সবচেয়ে বেশি প্রোডাক্ট করেছি।’

বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ২০১৭ সালে দুটি ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। এর মধ্যে একটি এসআইবিএল। এরপরই এই ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটির দায়িত্বে আসেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করতে গত ২৫ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়।

এসআইবিএলের নতুন পর্ষদে পরিচালক হয়েছেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মেজর (অব.) মো. রেজাউল হক, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আনোয়ার হোসেন।

কেন্দ্রীয় ব্যাংকের প‌রিদর্শন প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বর শেষে সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়ায় ৯ হাজার ৫৬৮ কোটি টাকা। অথচ ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো প্রতিবেদনে ব্যাংকটি দেখিয়েছে মাত্র ১ হাজার ৬৪৪ কোটি টাকা। একই সঙ্গে নিয়ন্ত্রণ সংস্থাটির পরিদর্শন টিম ২০২৩ সালের ডিসেম্বর শেষে এসআইবিএলের প্রভিশন ঘাটতির পরিমাণ পেয়েছে ৮ হাজার ১২৭ কোটি টাকা। কিন্তু ব্যাংকটি দেখিয়েছে মাত্র ৬৪ কোটি টাকা। এর মাধ্যমে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ৮ হাজার ৬৩ কোটি টাকা গোপন করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা