প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৫ পিএম
উদীয়মান ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান রেজার ক্যাপিটালের বিনিয়োগ পেয়েছে দেশের সবচেয়ে বড় অ্যাগ্রিটেক স্টার্টআপ (কৃষিপ্রযুক্তি উদ্যোগ) আইফার্মার। রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ ফান্ডিংয়ের অংশ হিসেবে এ বিনিয়োগ করা হয়। আইফার্মারকে আরও বেশি কৃষকের কাছে পৌঁছাতে ও দেশজুড়ে সরবরাহ-শৃঙ্খলের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই বিনিয়োগ।
সম্প্রতি আইফার্মারে এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রতি নিজেদের প্রতিশ্রুতি আরও জোরদার করল রেজার ক্যাপিটাল।
এদিকে রেজার ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার ঔসামা গ্লিলাহ পূর্ণপর্ষদ সদস্য হিসেবে আইফার্মারের পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অমিত সম্ভাবনার কথা বিবেচনা করে ২০১৬ সালে বিনিয়োগ শুরু করে রেজার ক্যাপিটাল। বর্তমানে দেশ একটি কঠিন সময় পার করলেও আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটালগুলোর মধ্যে আমরাই অন্যতম যারা বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রেখেছি। প্রতিষ্ঠান ও দেশকে সফল ও সমৃদ্ধ করতে আমরা আমাদের প্রতিষ্ঠাতা, অংশীদার ও সহ-বিনিয়োগকারীদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে চাই।’
বাংলাদেশের কৃষিখাত ৫০ বিলিয়ন (৫,০০০ কোটি) মার্কিন ডলার আয়তনের, যেখানে ১ কোটি ৬৫ লাখ কৃষক কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কৃষকদের জন্য ৫ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থায়ন সহযোগিতা করেছে আইফার্মার; যেখানে প্রতি মাসে প্রায় ১২ হাজার টন উৎপাদিত পণ্য কৃষকদের কাছ থেকে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
দ্রুত বর্ধনশীল জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষকদের ফলন ধরে রাখতে ও মান বাড়াতে হলে খুব দ্রুত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সে ক্ষেত্রে আইফার্মার দেড় লাখেরও বেশি কৃষকের কাছে সরাসরি পৌঁছাতে ৭০০-রও বেশি টাচপয়েন্টের সমন্বয়ে উপাত্ত ও প্রযুক্তি-নির্ভর মডেল ‘আইফার্মার সেন্টার’ নিয়ে এসেছে।
এ বিষয়ে আইফার্মারের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ বলেন, ‘বিগত বছরগুলোতে আইফার্মার সেন্টারের মাধ্যমে আমাদের সকল সেবা একত্রিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া সহ প্রায় সকল কাজই আমরা নিপুণভবে গুছিয়ে এনেছি। ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখন টেকনোলজি ও ডেটা স্টেকের ওপর কাজ করছি আমরা।’
বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠান হিসেবে আইফার্মারে বিনিয়োগ করলো রেজর ক্যাপিটাল। এ বিষয়ে রেজর ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার আফশিন মোয়াঈদ বলেন, ‘বাংলাদেশের কৃষিখাত নানা রকম প্রযুক্তিগত রূপান্তরের মুখোমুখি দাঁড়িয়ে। দেশের প্রথমদিককার কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আইফার্মারের দক্ষতা ও অভিজ্ঞতা এই খাতের পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী ট্রেন্ড নির্মাণে সহায়ক হবে। আইফার্মারের লক্ষ্যপূরণে সহযোগিতা করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।’