প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১৯:২৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১৯:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি আগের দুই চেয়ারম্যান পদত্যাগের কারণে ব্যাংক দুটি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। এরপর শূন্য পদে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। বুধবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আর জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এম ফজলুর রহমান। তারা দুজনই যোগদানের তারিখ থেকে তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়।
গত ২০ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। একটি শিল্প গ্রুপের সঙ্গে বিশেষ সখ্যের জেরে তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বলে গুঞ্জন ছিল।
এ ছাড়া, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমানের পদত্যাগ কার্যকর করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ২২ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। আর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ জায়েদ বখত ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান সুবর্ন বড়ুয়ার পদত্যাগপত্র বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পৌঁছেছে বলে জানা গেছে।
এদিন পৃথক এক আদেশে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পরবর্তী তিন বছরের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।