প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২২:১৭ পিএম
ইসলামী ব্যাংক। প্রবা ফটো
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে ঋণ কারা কোন প্রক্রিয়ায় নিয়েছে। এসব ঋণের যথাযথ জামানত আছে কি-না তা খুঁজে বের করে সব ধরনের ঋণ নিরীক্ষা করার উদ্যোগ নিয়েছে ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (২৭ আগষ্ট) ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় এ সিন্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের কর্মকর্তারা পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও লুটপাটের অভিযোগে এস আলম ও তাঁর সমর্থিত কর্মকর্তাদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছেন। ফলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) এমডিসহ এস আলমপন্থী শীর্ষ কর্মকর্তারা ব্যাংকে যেতে পারছিলেন না। ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না কর্মকর্তারা।
শেষ পর্যন্ত গত সপ্তাহে আগের পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংক এস আলমমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকে পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্য থেকে নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তার নেতৃত্বে গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রথম সভায়।
বৈঠকের উপস্থিত থাকা একজন স্বতন্ত্র পরিচালক বলেন, ইসলামী ব্যাংকের ঋণ কারা কি প্রক্রিয়ায় নিয়েছে ও এসব ঋণের যথাযথ জামানত আছে কিনা তা খুঁজে বের করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য সব ধরণের ঋণের ওপর নীরিক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ব্যাংকটির ট্রেজারি বিভাগ কোথায় টাকা ও ডলার বিনিয়োগ করেছে তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। এছাড়া গত সাড়ে ৭ বছরে যে জনবল নিয়োগ হয়েছে, তা যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা তাও খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পৃথক তিনটি বহিঃনীরিক্ষক প্রতিষ্ঠান নিয়োগ দেয়ারও সিদ্ধান্ত হয়।
জানা গেছে, ২০১৭ সালের ৫ জানুয়ারি পরীবাগের বাসায় ছিলেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান। ভোরের দিকে হঠাৎ করেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। জানান, তাঁকে তাঁদের সঙ্গে যেতে হবে।
তবে আবদুল মান্নান একাই নন। একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও। এরপর তাঁদের জোরর্পূ্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়, আর ব্যাংকটি দখল করে নেয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। পুরো প্রক্রিয়া বাস্তবায়ন করেন গোয়েন্দা সংস্থাটির তৎকালীন কিছু শীর্ষ কর্মকর্তা। ক্ষমতায় তখন শেখ হাসিনার সরকার। ওপর মহলের রাজনৈতিক সিদ্ধান্তেই ইসলামী ব্যাংক বাংলাদেশকে ‘জামায়াতমুক্ত’ করার উদ্যোগ বাস্তবায়ন করে সংস্থাটি।
১০ বছর আগেও আমদানি-রপ্তানি ও প্রবাসী আয় দেশে আনার সেবা দিয়ে গ্রাহক আস্থার শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। আমানত আর ঋণ বিতরণে ব্যাংকটি এখনো সবার চেয়ে এগিয়ে। ২০১৭ সালে ব্যাংকের অন্যতম শীর্ষ গ্রাহক ছিল এস আলম গ্রুপ, ঋণ ছিল প্রায় ৩ হাজার কোটি টাকা। এ জন্য ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান, এমডিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গ্রুপটির ভালো যোগাযোগ ছিল। কিন্তু এই বছরের জানুয়ারিতে তাঁদের সবাইকে সরিয়ে এস আলম গ্রুপই যখন ব্যাংকটি দখল করে নেয়, তখন সবাই হতবিহ্বল হয়ে পড়েন।
নিজেদেরই এক গ্রাহককে একেবারে ভিন্ন রূপে দেখতে পান ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। চেয়ারম্যান ও এমডিকে পদত্যাগে বাধ্য করার পর নতুন কর্মকর্তা নিয়োগে চাপ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংককে। এর সব পর্যায়ে ডিজিএফআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যুক্ত থাকতে দেখা যায়। ব্যাংকটির কর্মকর্তাদের একটি বড় অংশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জামায়াত সমর্থিত হওয়ায় অভিযোগ থাকায় ওই সময়ে কেউ এর প্রতিবাদও করেননি।
নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ধীরে ধীরে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করে ও তাদের নিজস্ব লোক হিসেবে পরিচিত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়। পাশাপাশি চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দাদের ব্যাপক সংখ্যায় ব্যাংকে নিয়োগ করতে শুরু করে। এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম পটিয়া অঞ্চলের হওয়ার কারণে ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ওই এলাকার মানুষ বিশেষ সুবিধা পান।
এরপর ব্যাংকটি থেকে নামে-বেনামে ও স্বার্থসংশ্লিষ্টদের নামে অন্তত ৭৫ হাজার কোটি টাকা লুট করে এস আলম গ্রুপ। ঋণ হিসেবে নেওয়া এই অর্থ আর ফেরত না আসায় দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে ভুগছে দেশের অন্যতম বড় এই ব্যাংক।