প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৮:৫২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১৯:০৫ পিএম
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস) এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কোলাজ, প্রবা।
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস), তার স্ত্রী কাশমিরী কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। একই দিনে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিরও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই নির্দেশ দেয়।
বিএফআইইউর নির্দেশনায় বলা হয়, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।
নির্দেশনায় আরও বলা হয়, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
এর আগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মন্ত্রী ডা. দীপু মনি ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।