× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থনীতির ক্ষতি না করে রাজনৈতিক সমাবেশ করার আহবান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৮:৩৯ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৮:৪২ পিএম

ছবি: প্রবা

ছবি: প্রবা

অর্থনীতি বিবেচনায় রেখে রাজনৈতিক দলগুলোকে সভা সমাবেশ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

রোববার সংগঠনটির প্রধান কার্যালয়ের কনফারেন্সে রুমে বিজিএমইএর নতুন উদ্যোগ গ্রহণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি। ফারুক হাসান বলেন, ‘আমরা মনে করি যারা রাজনীতি করেন তারা দেশের মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করেন। দেশের মানুষকে কষ্ট দিয়ে তারা কোন সভা সমাবেশ করবেন না। একইসঙ্গে আশা করি অর্থনীতিকে এইসব সভা সমাবেশের বাইরে রাখবেন।’

বিজিএমইএর সভাপতি আরো বলেন, ‘দেশের অর্থনীতিকে চাঙা রাখতে সকল শ্রেণী পেশার মানুষ একসঙ্গে কাজ করে যাবে। এক্ষেত্রে অর্থনীতির ক্ষতি হোক এমন কেউ কিছু করবে না বা কখনো করতে চাইবে না। আমরা সরকারি এবং বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বসবো। তাদেরকে বলবো অর্থনীতিকে ঠিক রেখে সব কিছু করা হয়।’

মতবিনিময় সভায় গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ফারুক হাসান বলেন, ‘বিদ্যুতের সংকট কিছুটা কমে এসেছে। তবে গ্যাস সরবরাহটা এখনো স্বাভাবিক হয়নি। সরকারের সঙ্গে কথা হচ্ছে। আশা করি শিগগিরই সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখন ক্রয়াদেশ কিছুটা কম। তবে এই ক্রয়াদেশ বিশ্বব্যাপীই কম। অর্থাৎ প্রতিযোগী অন্যান্য দেশও এখন তেমন অর্ডার পাচ্ছে না। এর অন্যতম কারণ বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বাড়ছে। এর প্রভাবে অধিকাংশ দেশ খরচ সংকোচন নীতিতে চলছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে দেশের তৈরি পোশাক খাত আগের অবস্থানে ফিরে যাবে।’

দেশকে ব্র্যান্ডিং করতে বিজিএমইএর নতুন উদ্যোগের বিষয়ে ফারুক হাসান বলেন, ‘ব্র্যান্ডিং শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে ক্রেতারা ভালো মূল্য অফার করেন, ক্রেতাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠে এবং উদীয়মান বাজারগুলোতে প্রবেশাধিকার পাওয়া সহজ হয়। ন্যাশন ব্র্যান্ডিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত দেশের রপ্তানি, পর্যটন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, দেশের ইতিবাচক ও সঠিক ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নীতকরণ।’

বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে উদ্যোগ হাতে নেওয়ার বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত মেইড ইন বাংলাদেশ উইকে ছয়জন আলোকচিত্রীকে মেইড ইন বাংলাদেশ ফটোগ্রাফি পুরস্কার দিয়েছি, যারা তাদের সৃজনশীলতার সবটুকু দিয়ে অপরূপ বাংলাদেশকে লেন্সে ধারণ করেছেন। এ ধররণের ফটোগ্রাফির মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ডিং করতে এবং মেইড ইন বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে অবদান রাখবে।’

ফারুক হাসান আরো বলেন, ‘ব্র্যান্ডিংয়ের সঙ্গে দেশের নাগরিকদের যুক্ত করতে হবে, এক্ষেত্রে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। এতে করে দেশের একজন নাগরিক হিসেবে সে গর্ব অনুভব করতে পারে। ন্যাশন ব্র্যান্ডিংয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলাদেশীদেরকেও সম্পৃক্ত করতে হবে।’

বিজিএমইএ সভাপতি আরো বলেন, “মেইড ইন বাংলাদেশ উইকে আমরা প্রথমবারের মতো বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য ইন্টেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওমর ইশরাক, আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এবং মাস্টারশেফ অস্ট্রেলিয়ার অন্যতম গ্র্যান্ড ফাইনালিস্ট, কিশওয়ার চৌধুরীকে তাদের অবদানের জন্য এনআরবি অ্যাওয়ার্ড প্রদান করেছি। একই ইভেন্টে শিল্প ও বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে দুটি কফি টেবিল বুক ‘দ্যা আন্টোল্ড স্টোরিজ অব বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল গুড প্র্যাক্টিস’ এবং ‘বিউটি অব বাংলাদেশ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভোধন করেছেন। এই বইয়ের মাধ্যমেও ক্রেতাদের দেশে এবং দেশের মানুষের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করবে যা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা