প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ২০:০৯ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪ ২০:৩৩ পিএম
ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ছবি : সংগৃহীত
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ বাতিলের পর নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক আদেশে ৭ সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২) থেকে জারি করা এই আদেশে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ৩ জন পরিচালক ও ৪ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এতে বলা হয়, আগের পর্ষদ বাতিলের আদেশটি কার্যকর করে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।
নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্য হয়েছেন ন্যাশনাল ব্যাংকের শেয়ারহোল্ডার আব্দুল আউয়াল মিন্টু (পরিচালক), উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোয়াজ্জেম হোসেন (পরিচালক), শেয়ারহোল্ডার জাকারিয়া তাহের (পরিচালক), বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জুলকার নায়েন (স্বতন্ত্র পরিচালক), সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান (স্বতন্ত্র পরিচালক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন (স্বতন্ত্র পরিচালক) এবং চার্টার অ্যাকাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার (স্বতন্ত্র পরিচালক)।
এর আগে একই দিন ব্যাংকটির পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরিচালনা পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা বিঘ্ন করার মাধ্যমে ব্যাংক-কোম্পানি এবং আমানতকারীদের স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডে পর্ষদ সম্পৃক্ত থাকায় বোর্ড বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।