প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৭:০৬ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৭:১৩ পিএম
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৬ ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেনামি ঋণ ও অর্থপাচার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।
৬টি ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
সোমবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এই ছয়টি ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। ৫ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।