প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৯:৩৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২২:২৬ পিএম
সালমান এফ রহমানের ছেলে সায়ান। ছবি : সংগৃহীত
ঋণ খেলাপি হওয়ায় আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন আলোচিত ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান। বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান পদে আছেন সালমান এফ রহমান। তার পদত্যাগের দাবিতেও আন্দোলন হচ্ছে।
জানা গেছে, গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে সায়ানকে পরিচালক থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ঋণখেলাপির কারণে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদে সায়ান ফজলুর রহমানের পুনঃনিযুক্তির প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। গত ২৭ জুন আইএফআইসি ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় আহমেদ সায়ানকে পরিচালক পদে পুনঃনির্বাচিত করা হয়েছিল।
এরপর ব্যাংকটির পরিচালক পদে সায়ানকে পুনঃনিয়োগের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। প্রস্তাব পরীক্ষা করে বাংলাদেশ ব্যাংক জানায়, সায়ান ফজলুর রহমানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইশেজ ফ্যাশন লিমিটেড-এর নামে খেলাপি ঋণ থাকায় প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ঋণখেলাপিকে পরিচালক পদের জন্য প্রস্তাব না করার পরামর্শ দেওয়া হয়েছে আইএফআইসি ব্যাংককে।