প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১৪:৪১ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪ ১৪:৪২ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান লোকসানে রয়েছে, যথাযথ সমস্যা নিরূপণ করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সারের উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো হবে। এতে বিপুল বৈদেশিক মুদ্রার খরচ কমবে।
শনিবার (১০ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, সময়ক্ষেপণ না করে আজ ছুটির দিনেই আমরা বসেছি, যাতে কাল থেকেই কাজ শুরু করতে পারি।
তিনি বলেন, শিল্প খাতের উৎপাদন স্বাভাবিক রাখতে সর্বপ্রথম গুরুত্ব থাকবে গ্যাস সরবরাহ নিশ্চিত করা। একই সঙ্গে সাভারের চামড়া শিল্প উন্নয়ন ও জাহাজ ভাঙ্গা শিল্পের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।
দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আদিলুর রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। কারণ অনেক রক্তের মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছি। নতুন করে দুর্নীতি হবে এমনটা প্রশ্নই আসে না।