প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ২২:২৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ২২:২৮ পিএম
পর্যটনের অপার সম্ভাবনা কাজে লাগাতে বান্দরবান জেলার মাতামুহুরী নদীর তীর রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৪৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এ প্রস্তাব যাচাই-বাছাই করতে সম্প্রতি পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) আবদুল বাকী।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান জেলাটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে অন্যতম। ৭টি উপজেলা ও ২৯টি ইউনিয়ন নিয়ে এ জেলাটি গঠিত। অন্যদিকে মাতামুহুরী নদীটি বান্দরবান জেলার আলীকদম উপজেলার চোখইং ইউনিয়নে উৎপন্ন হয়ে বান্দরবান জেলার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এসে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে গিয়ে পড়েছে। পাহাড়ি এই খরস্রোতা নদীগুলো বান্দরবান পর্বতশ্রেণির বিপুল পরিমাণ জলরাশি বয়ে নিয়ে আসে। নদীগুলো বর্ষায় অত্যন্ত ভয়ংকর, খরস্রোতা ও আগ্রাসী রূপ ধারণ করে।
তাই সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, কবরস্থান, ইউনিয়ন পরিষদ, বাজার, কাঁচা-পাকা সড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন, ধর্মীয় উপাসনালয় এবং বিস্তীর্ণ উর্বর ফসলি জমি নদীভাঙনের হুমকির সম্মুখীন। এ ছাড়াও অতি বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে থাকে। এসব গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে দীর্ঘমেয়াদি টেকসই প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন প্রয়োজন। এ অবস্থায় প্রকল্পের স্থানে প্রতিরক্ষাকাজসহ ওয়াওয়ে নির্মাণ একাধারে নদীর তীরের দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে এবং নদীতীরসংলগ্ন এলাকায় পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।
পিইসি সভায় প্রকল্প প্রস্তাবের বিভিন্ন খাতের অতিরিক্ত ব্যয় প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলা হয়। সভায় বলা হয়, প্রস্তাবে লামা উপজেলায় ১ দশমিক ৫৫ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষামূলক কাজ বাবদ ৪৫ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি মিটারে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার টাকা; যা বেশি বলে প্রতীয়মান হয়। এ ছাড়া কত বছর ফ্লাড রিটার্ন পিরিয়ড (বন্যা মৌসুম) ধরে তীর প্রতিরক্ষা কাজের নকশা করা হয়েছে তার ভিত্তিসহ তীর প্রতিরক্ষা কাজের নকশা নিয়ে জানতে চাওয়া হয়।
এ ছাড়া প্রকল্পে মাতামুহুরী নদীর ডান তীরে ৬০০ মিটার দীর্ঘ তীর প্রতিরক্ষা কাজের জন্য প্রতি মিটার ২ লাখ ৫৩ হাজার টাকা ব্যয় ধরা হয়। বাম তীরের দৈর্ঘ্য ৯৫০ মিটার আর তীররক্ষা কাজে প্রতি মিটারে ৩ লাখ ২৩ হাজার টাকা ব্যয় ধরা হয়। সমসাময়িক অন্যান্য প্রকল্পে তীর প্রতিরক্ষা কাজে মিটারপ্রতি প্রাক্কলন বা সম্ভাব্য ব্যয়ের তুলনামূলক চিত্র নিয়েও সভায় জানতে চাওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল বাকী বলেন, ‘বিভিন্ন বিষয়ে সুপারিশ দেওয়া হয়েছে। এগুলো প্রতিপালন করে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংশোধন করে পুনরায় পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে। তারপরই অনুমোদনের পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।’