প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৮:৪৩ পিএম
ফাইল ফটো
২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বেড়েছে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, এই প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশে।
মঙ্গলবার (৯ জুলাই) এই তথ্য প্রকাশ করে বিবিএস। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম মেনে প্রতি তিন মাস পর পর জিডিপির প্রবৃদ্ধি প্রকাশ করছে বিবিএস।
বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ১৩ হাজার ৪৭৮ বিলিয়ন টাকা, যা ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ১১ হাজার ৪৪৩ বিলিয়ন টাকা।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল যথাক্রমে ৬ দশমিক শূন্য ১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৭ দশমিক শূন্য ৩ শতাংশ ও ৭ দশমিক শূন্য ৮ শতাংশ।
কৃষি খাত
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ১ দশমিক শূন্য ৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৮ শতাংশ যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।
শিল্প খাত
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ ও ৩ দশমিক ২৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৭ দশমিক ২৩ শতাংশ ও ১০ শতাংশ।
সেবা খাত
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।