× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত

একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২১:৪০ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২১:৪১ পিএম

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওতে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর  হয়। প্রবা ফটো

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওতে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রবা ফটো

দেশের প্রায় ৭৮ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এবং অক্সফ্যাম ইন বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার আগারগাঁওতে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যেখানে দুটি প্রতিষ্ঠান এই খাতকে শক্তিশালী করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার আশা প্রকাশ করে।

বৈশ্বিকভাবে মোট ব্যবসা-বাণিজ্যের ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, দেশে প্রায় ৭৮ লাখ এসএমই রয়েছে, যা দেশের মোট শ্রমশক্তির ২৫ শতাংশ এবং শিল্প খাতের কর্মসংস্থানের ৮০ শতাংশ। সেই ধারাবাহিকতায়, এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম ইন বাংলাদেশের মধ্যকার স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যবসায়িক পরিষেবা এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।

এ প্রসঙ্গে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অক্সফ্যামের সঙ্গে কাজ করার মাধ্যমে, আমরা সার্বিকভাবে এসএমই’র উন্নয়নে কাজ করতে পারবো, আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনে সহায়তা করতে পারবো।

অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিষ দামলে বলেন, বাংলাদেশের দারিদ্র নিরসন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্প; বিশেষ করে তরুণ উদ্যোক্তা, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্বে একটি সমতার পরিবেশ গড়াব। আমাদের এই যৌথ প্রচেষ্টা আরও বেশি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়তে অবদান রাখবে। 

তিনি বলেন, এই সমঝোতা স্মারকের অধীনে, উভয়পক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের দক্ষতা ব্যবহারের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের ব্যবসা এবং আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল ও ভৌত বাজার একীকরণ এবং প্রাপ্য আর্থিক উৎসের সুযোগ নিয়ে কাজ করবে।  এই অংশীদারিত্বের মাধ্যমে এসএমই তহবিল উন্নয়নে বেসরকারি খাতের বাঁধা মোকাবেলায় দুইপক্ষই বিশেষভাবে জোর  দেবে। এসএমই ফাউন্ডেশন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জাতীয় কৌশল গঠন; বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সংশ্লিষ্ট নীতিগুলো নিয়ে অক্সফ্যামের সঙ্গে কাজ করবে। 

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেগুলো চিহ্নিত করে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার মাধ্যমে  উদ্যোক্তাদের সাশ্রয়ী ও পর্যাপ্ত আর্থিক সুযোগ তৈরিতেও কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং অক্সফ্যাম ইন বাংলাদেশ। বিশেষ করে ব্যবসায়িক সহযোগিতা শক্তিশালীকরণ, যুব-অন্তর্ভুক্তিমূলক আর্থিক মডেলের পাইলটিং করা ইত্যাদির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা