প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৭:১৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৮:৪০ পিএম
বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ডব্লিউপিপিএফ এর চেক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ৮ কোটি ৩২ লাখ টাকার চেক হস্তান্তর করেছে দেশের স্বনামধন্য ৩টি প্রাইভেট কোম্পানি।
বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ডব্লিউপিপিএফ এর চেক গ্রহণ অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪ শত ৪৬ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি ৩ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৭ শত ১৮ টাকা এবং ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড ১ কোটি ১ লাখ ৯০ হাজার ৯ শত ৪৫ টাকার চেক হস্তান্তর করে।
চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি দেশের আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ডব্লিউপিপিএফ এর মূল লক্ষ্য হলো শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেওয়া, তাদের জীবনযাত্রার মান উন্নত করা এবং কোম্পানির মালিকানা ও পরিচালনায় তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা। আপনাদের এ প্রচেষ্টা ও কার্যক্রম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।’
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিনসহ মন্ত্রণালয় ও কোম্পানি তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।