প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৬:০৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৭:০০ পিএম
ছবি: প্রবা
বাজারে সয়াবিন তেল ও চিনির সংকট চলছে। এমন পরিস্থিতিতে একসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য দুটির দাম বাড়ল। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা। নতুন এই দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল বুধবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়। একইভাবে গতকালই চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এর আগে দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করে উভয় সংগঠনের নেতারা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এত দিন এ দাম ছিল ১৭৮ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকা। এত দিন দাম ছিল ৮৮০ টাকা, অর্থাৎ নতুন করে দাম বাড়ছে ৪৫ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।
এর আগে দাম কমার মাত্র এক মাসের মাথায় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছিলো অ্যাসোসিয়েশন। গত ২ নভেম্বর তারা প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। এর ১৫ দিনের মাথায় আজ দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।
দাম বাড়ানোর প্রস্তাবের চিঠিতে সংগঠনটি বলছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম বেড়েছে। এছাড়া ডলারের বিপরীতে অস্বাভাবিক অবমূল্যায়ন হয়েছে টাকার। এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দাম বাড়ার বিষয়ে ভোগ্যপণ্য বিপণনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম লিটারে ১২ টাকা ও চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়েছে। আমাদের বিষয়টি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকেই এ দাম কার্যকর হবে।