প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৭:১২ পিএম
প্রবা ফটো
চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ দশমিক ৭৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট। এদিন ডিএসই এবং সিএসইতে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন ডিএসই এবং সিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। তবে ডিএসইতে শতাধিক প্রতিষ্ঠান এবং সিএসইতে অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ দশমিক ৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৩টির। বিপরীতে দাম কমেছে ১২৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা। যা আগের দিন ছিল ৭১২ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ২৭২ কোটি ৫ লাখ টাকা।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় প্রথমে অবস্থান করছে বিচ হ্যাচারির শেয়ার। দ্বিতীয় স্থানে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড প্রথম মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ এবং জেমিনি সি ফুড।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪ টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮২ টির এবং ৩১ টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের দিন ছিল ৬২৪ কোটি ৩০ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ৬১০ কোটি ৭৪ লাখ টাকা।