প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৯:১২ পিএম
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারের এসএমই (স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) বোর্ডে লেনদেনের ক্ষেত্রে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। আগামী তিন সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের-বিএসইসির বেঁধে শর্ত স্থগিত থাকবে। গত ১৩ নভেম্বর থেকে এটি কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। ফলে এখন থেকে যে কোন বিনিয়োগকারী এসএমই বোর্ডে তালিকাভুক্ত শেয়ার কেনাবেচা করতে পারবে।
এ আদেশের কপি বিএসইসির কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস অব বাংলাদেশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজটরি বাংলাদেশের কাছেও হাইকোর্টের আদেশের কপি পাঠানো হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর মো. রাজু হাসানের পক্ষে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কামাল।
রিট পিটিশন দায়েরের পর বিএসইসির কাছে এসএমই মার্কেটে বিনিয়োগসীমার কারণ জানতে চান হাইকোর্ট। এর প্রেক্ষিতে বুধবার তিন মাসের জন্য এসএমইতে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
গত বছরের ১৬ সেপ্টেম্বর দুই স্টক এক্সচেঞ্জের ওটিসি মার্কেট বাতিল করে বিএসইসি। ওইদিন কমিশন সভায় ২৯টি কোম্পানিকে তালিকাচ্যুত করে ৪১টি কোম্পানিকে এসএমই ও এটিবিতে (অলটারনেটিভ ট্রেডিং বোর্ড) স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু হয়। সেদিন প্রথমিকভাবে ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেন চালু করা হয়। বর্তমানে এসএমইতে তালিকাভুক্ত কোম্পানি ১৫টি। এর মধ্যে ১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার নিয়মিত লেনদেন হচ্ছে।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর সর্বশেষ এসএমই প্লাটফর্মের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশে বলা হয়, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারী হতে পুঁজিবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।
এ নিয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম জানান তিনি বিষয়টি নিয়ে অবগত নন। আগামীকাল এ নিয়ে বিস্তারিত জানবেন।