× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতু চালুর দুই বছর পেরোলেও বরিশালে গড়ে ওঠেনি শিল্পকারখানা

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ২০:৩৩ পিএম

পদ্মা সেতু। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির গতিপথ পাল্টে দেবে। সেতু চালু হলে শিল্পকারখানাসহ নতুন বিনিয়োগ আসবে। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও সেই সম্ভাবনা ক্রমশ হারিয়ে যাচ্ছে। তবে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে শিল্পকারখানা গড়ে উঠছে না বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। তবে তা মানতে নারাজ সংশ্লিষ্টরা। সবার সমন্বয়ে দ্রুত বরিশালকে ব্যবসাবান্ধব জোন হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

উল্লেখ্য, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয় ২০২২ সালের ২৫ জুন। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঋণ না পাওয়া, সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র দিতে গড়িমসিসহ আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে চাইলেও ব্যবসা করতে পারছেন না তারা। সবার সমন্বয় ছাড়া ব্যবসাবান্ধব বরিশাল গড়া অসম্ভব বলেও দাবি তাদের।

এ ব্যাপারে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন বলেন, ‘২০০৪ সালে এলসি স্টেশনের কার্যক্রম শুরু করার অনুমতি দেয় সরকার। তবে কাস্টমস এখনও তা শুরু করতে পারেনি। ফলে বাধ্য হয়েই পণ্য খালাস করতে এখনও আমাদের চট্টগ্রাম, খুলনা ও ঢাকামুখী হতে হয়। এ ছাড়াও উত্তরাঞ্চলে শিল্পকারখানা গড়ে তুলতে আয়কর মওকুফসহ নানা ধরনের প্রস্তাবনা দিয়ে ব্যবসায়ীদের শিল্পকারখানা গড়ে তুলতে উদ্বুদ্ধ করছেন সংশ্লিষ্টরা। কিন্তু বরিশালে বিষয়টি পুরো উল্টো। নদীপথে ভোলার গ্যাস মাত্র ৩২ কিলোমিটার দূরে, যা এখনও আমরা বরিশালে আনতে পারেনি। কিন্তু শত কিলোমিটার দূরে সেই গ্যাস ঢাকায় যায়। 

তিনি আরও বলেন, বরিশালে যতগুলো সরকারি ব্যাংক আছে, তারা মাত্র ২ কোটি টাকা ঋণ দিতে ঢাকা থেকে অনুমোদন আনতে বলেন। কিন্তু ঢাকা বা খুলনায় যেকোনো ব্যবসায়ী চাইলেই অনায়াসে ৫ থেকে ১০ কোটি টাকা ঋণ নিতে পারে। এ ছাড়া আয়করে ব্যবসায়ীদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় না সুবিধা দেওয়া হয়। তাহলে কেন মানুষ এত ভোগান্তির মধ্যে বরিশালে ব্যবসা করতে আসবেন। আমাদের ব্যবসা পরিচালনা করতে প্রতিমুহূর্তে নানান বাধার সম্মুখীন হতে হয়। বরিশালকে ব্যবসাবান্ধব করে গড়ে তুলতে সবার সমন্বয়ের কোনো বিকল্প নেই। যত দিন সমন্বয় না হয়, তত দিন পদ্মা সেতু ও পায়রা বন্দরের সুবিধা ব্যবসায়ীরা নিতে পারবেন না। ফলে ব্যবসায়ীদের শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির ইচ্ছা থাকলেও তা বাস্তবায়ন করা কঠিন। 

বরিশাল চেম্বার অব কমার্সের তথ্যমতে, বরিশালে মোট ৩টি চেম্বার অব কমার্স রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ১ হাজার ব্যবসায়ী জড়িত। এসব ব্যবসায়ী বিভাগের ৬ জেলায় ছোট-বড় মিলিয়ে ১ হাজারের ওপর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া নতুন করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগ নিয়েছিল গার্মেন্টসহ ৩ শতাধিক প্রতিষ্ঠান। তবে নানা বাধায় তা কবে আলোর মুখ দেখবে, তা নিয়ে সংশয় রয়েছে। 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, সরকারি বিভিন্ন অফিসের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে দক্ষিণাঞ্চলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।

ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, বরিশালের প্রতিটি সরকারি অফিসের প্রধানরা স্বচ্ছ থাকলেও কোনো না কোনো দুর্নীতিগ্রস্ত অফিসার আছেন। এর ফলে চাইলেও অনেক সময় ব্যবসায়ীরা সফল হতে পারেন না। নানা জটিলতায় পড়তে হয় তাদের। এসব থেকে বের হতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারা যদি এক হয়ে কাজ করেন, তাহলে কেউ দুর্নীতি করে টিকতে পারবেন না। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা