× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইজারল্যান্ড ও ইইউর সঙ্গে বিমান চলাচল চুক্তি করল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৭:২৮ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৪ ১৮:১১ পিএম

ইইউর সঙ্গে বিমান চলাচল চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও ইউরোপিয়ান কমিশনের ডাইরেক্টরেট জেনারেল ফর মবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট এর পরিচালক ফিলিপ কর্নেলিস। প্রবা ফটো

ইইউর সঙ্গে বিমান চলাচল চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও ইউরোপিয়ান কমিশনের ডাইরেক্টরেট জেনারেল ফর মবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট এর পরিচালক ফিলিপ কর্নেলিস। প্রবা ফটো

সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিমান চলাচল চুক্তি করেছে বাংলাদেশ। শুক্রবার (১৪ জুন) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুন সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশ সরকার ও সুইস ফেডারেল কাউন্সিলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে ইউরোপের আরও একটি নতুন দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান চলাচলের দ্বার উন্মোচিত হলো।

চুক্তির অধীনে দুই দেশের মনোনীত বিমান সংস্থাগুলো সপ্তাহে ৭টি যাত্রী ও ৭টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে। এ ছাড়া চুক্তিতে মনোনীত দুই দেশের বিমান সংস্থাগুলো যাতে নিজেদের ও তৃতীয় কোনো দেশের বিমান সংস্থার সঙ্গে কোড শোয়ারের মাধ্যমে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারে, সে সুযোগ রাখা হয়েছে।

সুইজারল্যান্ডের পক্ষ থেকে সুইস এয়ার ইন্টারন্যাশনাল ও এডেলউইস এয়ার এজি এবং বাংলাদেশের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ার ও নভোএয়ারকে পরিষেবা দেওয়ার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং সুইস ফেডারেল অফিস অব সিভিল এভিয়েশনের (এফওসিএ) ডিরেক্টর জেনারেল ক্রিশ্চিয়ান হেগনার এ চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ ছাড়া ৭ জুন বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে প্রথম চুক্তিটি অনুস্বাক্ষরিত হয়েছিল। এরপর দুই পক্ষের নিজেদের মধ্যকার প্রক্রিয়া সম্পন্ন শেষে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলো। এ ধরনের চুক্তি ইইউ হরাইজন্টাল চুক্তি নামে বহুল পরিচিত।

ইউরোপে ব্রেক্সিটের মতো ঘটনা ঘটায় চুক্তি থেকে যুক্তরাজ্যকে বাদ দেওয়া হয়েছে। চুক্তিটির মূল উদ্দেশ্য হচ্ছে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বিমান চলাচল পরিচালনার ক্ষেত্রে একই ধরনের বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করা। ইইউ ও বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউরোপিয়ান কমিশনের ডিরেক্টরেট জেনারেল ফর মবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্টের ডিরেক্টর ফিলিপ কর্নেলিস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

চুক্তি দুটি স্বাক্ষরের উদ্দেশে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২ জুন সুইজারল্যান্ড ও পরে ৬ জুন বেলজিয়ামের ব্রাসেলসে যান। 

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান দুটিতে যথাক্রমে সুইজারল্যান্ডের বাংলাদেশ মিশনের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেনটেটিভ অ্যান্ড চার্জ ডি অ্যাফেয়ার্স মিস সঞ্চিতা হক ও বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ও হেড অব দি মিশন মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোকসিন্দা ফারহানা, সিএএবির স্পেশাল ইন্সপেক্টর এস এম গোলাম রাব্বানী এবং জেনেভা ও ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা