প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২৩:১৪ পিএম
নগদ ডলারের পাশাপাশি ক্রেডিট কার্ডে করে ডলার নিয়ে বিদেশে যাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। সাম্প্রতিক সময়ে এ মাধ্যমে ডলার খরচ বেড়েছে। ব্যাংকে ডলারের মজুদ ক্রমাগত কমার মধ্যেই এমন চিত্র দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্য বলছে, দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের এপ্রিল মাসে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন। এর আগের মাস মার্চে খরচ করেছিলেন ৫০৩ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে দেশের বাইরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। অন্যদিকে এপ্রিল মাসে বিদেশিরা বাংলাদেশে লেনদেন করেছেন ২০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো বাংলাদেশি বিদেশে গিয়ে এক বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বাংলাদেশি মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ সরাসরি সঙ্গে করে নিয়ে যেতে পারেন, আবার কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন।
তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশিরা সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে রয়েছে ভারত, আমেরিকা, থাইল্যান্ড ও আরব আমিরাত। ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের ৫০ শতাংশই এই চার দেশে হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সম্প্রতি দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে। গত এপ্রিল মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৭ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৯ দশমিক ৩১ শতাংশ।
একইভাবে এপ্রিলে যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশিরা ৬৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ১২ শতাংশ। থাইল্যান্ডে ৪৬ কোটি ৬০ লাখ টাকা এবং আরব আমিরাতে খরচ হয়েছে ৪০ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া সৌদি আরবে ৩৭ কোটি, সিঙ্গাপুরে ৩৫ কোটি ৭০ লাখ, যুক্তরাজ্যে ৩১ কোটি ৮০ লাখ এবং কানাডায় প্রায় ২৫ কোটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।