মোংলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২০:০৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ২০:১৮ পিএম
মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে টেলিভিশন ও পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের মতবিনিময় সভা। প্রবা ফটো
একসময়ের মৃতপ্রায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা এখন অনেক এগিয়েছে। অর্থনীতির নিজস্ব ঐতিহাসিককরণের ওপর জোর দিয়ে একটি গতিশীল বন্দরে রূপ নিয়েছে। অর্থ, প্রযুক্তি, শ্রম এবং ব্যবসাসহ নানা রকম সুযোগ-সুবিধাও বৃদ্ধি হয়েছে এই বন্দরে। এ অবস্থায় মোংলা বন্দরের আরও উন্নয়ন ও আধুনিকায়নে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান।
বৃহস্পতিবার (১৩ মে) খুলনা, মোংলা ও বাগেরহাটে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নেতা ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মোংলা বন্দরের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা মাল্টিমিডিয়া পদ্ধতিতে প্রদর্শন হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। উন্মুক্ত আলোচনায় এ সময় তিনি বন্দরের সুযোগ-সুবিধা ও আধুনিকায়নে মোংলা বন্দরের ভবিষ্যৎ প্রকল্পসমূহ তুলে ধরেন।
চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দর আন্তর্জাতিক শিপিং লাইনসহ চ্যানেলের নাব্য রক্ষার জন্য ড্রেজিং, জেটি ও শেড নির্মাণ, পর্যাপ্তসংখ্যক বয়াবাতি সংগ্রহ, কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। এ ছাড়া ভবিষ্যতে এই বন্দরের আরও উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।