প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১১:০২ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ১৭:৫২ পিএম
এনআরবিসি ব্যাংক। ছবি : সংগৃহীত
এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ জুন) ব্যাংকটির ১১তম এজিএম আয়োজন করার কথা রয়েছে। ৩০ জুন পর্যন্ত সভাটি স্থগিত করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
একই সঙ্গে ভার্চুয়ালের পরিবর্তে শারীরিক উপস্থিতিতে এজিএম করতে ১৪ মে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বরাবর করা আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ৩০ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
এনআরবিসি ব্যাংকের শেয়ারহোল্ডার সোনাওয়ার আলীর করা রিটের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসাইন। সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়।
আইনজীবী মোহাম্মদ হোসাইন জানান, হাইকোর্ট বৃহস্পতিবারের এজিএম স্থগিত করে রুল জারি করেছেন। আর এ বিষয়ে ৩০ জুন পরবর্তী শুনানি হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনআরবিসি ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব বুধবার রাত ১০টার দিকে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এজিএমের জন্য যাবতীয় প্রস্তুতি রয়েছে। আদালতের স্থগিতাদেশের বিষয়ে আমরা অবগত নই।’