টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৬:১৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪ ১৬:৫৩ পিএম
বঙ্গবন্ধু সেতু। প্রবা ফটো
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল প্রতিদিনের বাংলাদেশকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৯৯০টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৯৩৩টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।