প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৫:০৩ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৯:৪৯ পিএম
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ নামে ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান উদ্বোধন অনুষ্ঠানে বিমা কর্মকর্তাসহ অতিথিরা। ছবি : প্রবা
ক্যান্সার চিকিৎসার জন্য দেশে প্রথমবারের মতো ‘ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান’ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সোমবার (১৪ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ নামে এই সেবার কথা জানান।
গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব ও সাধারণ সম্পাদক মাহজাবিন ফেরদৌস অনুষ্ঠানে ছিলেন।
জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ক্যান্সার চিকিৎসায় দীর্ঘ সময় ধরে ডাক্তারি পরামর্শ নিতে হয়। সার্জারি, থেরাপি ও ওষুধপথ্যের খরচ বহন করতে গিয়ে বেশির ভাগ পরিবার গুরুতর অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে। তাই বিশ্বব্যাপী ক্যান্সারের প্রকোপ দিন দিন বাড়ছে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে গ্রাহক এবং তার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ নামে সেবাটি চালুর উদ্যোগ নিয়েছে বলে সিইও শেখ রকিবুল করিম জানান।
তিনি বলেন, অত্যন্ত সাশ্রয়ী বার্ষিক প্রিমিয়ামে (১৫০ টাকা থেকে শুরু) ক্রয় করা যাবে ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ সেবাটি। গার্ডিয়ান লাইফের ডিজিটাল প্ল্যাটফর্ম ইজিলাইফ থেকে ক্রয় করা যাবে। গ্রাহক যদি ভবিষ্যতে ক্যান্সারে আক্রান্ত হন তবে তাকে ২০ লাখ টাকা পর্যন্ত বিমা দেওয়া হবে। এ ছাড়া গ্রাহকের যদি প্রথম দিকে ক্যান্সার শনাক্ত হয় সেক্ষেত্রে তার পরবর্তী তিন বছরের প্রিমিয়াম মওকুফ করা হবে।
শেখ রকিবুল করিম বলেন, ‘গার্ডিয়ান লাইফ বাংলাদেশে সর্বদাই বিশ্বমানের জীবন ও স্বাস্থ্য বিমা পরিষেবা প্রবর্তনের চেষ্টা করে এসেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহকদের জন্য উদ্ভাবনী এবং সাশ্রয়ী মূল্যের ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য। আমাদের সাশ্রয়ী গার্ডিয়ান ক্যান্সার কেয়ার প্ল্যান এই যাত্রায় আরেকটি সংযোজন।’