× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৮:০২ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ১৮:২৬ পিএম

৭ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতে

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয়ের আকার ৭ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি পেশ করেন। 

সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হলেও এবার উপকারভোগীদের ভাতার হার বাড়ানো হচ্ছে না বরং সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বিদ্যমান কর্মসূচির আওতায় বেশি করে উপকারভোগী বাড়ানো হচ্ছে। ফলে এবার বাজেটে উপকারভোগী বাড়বে প্রায় ২০ লাখ। 

প্রস্তাবিত এই বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৫ কোটি মানুষকে বছরব্যাপী নগদ ভাতা, খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা এবং সুলভমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিতে ১ লাখ ৩৩ হাজার ২৭২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করেন। চলতি ২০২৩-২৪ অর্থবছর সামাজিক নিরাপত্তা বলয়ের ১৩০টি কর্মসূচির আওতায় বাজেটে ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। 

সেই হিসাবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ ব্যয় ৭ হাজার কোটি টাকা বেড়েছে। গত অর্থবছরে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ দেওয়া হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা। তারও আগে ২০২১-২২ অর্থবছরে সামাজিক নিরাপত্তায় ব্যয় ধরা হয় ৯৫ হাজার কোটি টাকার বেশি। দেশে ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। 

বয়স্ক ভাতা না বাড়লেও উপকারভোগীর সংখ্যা বাড়ছে

আগামী অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে বয়স্কভাতা ভোগীর আওতা বাড়িয়ে নতুন যুক্ত করা হচ্ছে আরও ২ লাখ বয়স্ক ও বিধবাদের। সব মিলিয়ে আগামী অর্থবছর এ কর্মসূচির আওতায় ৬০ লাখ মানুষকে ভাতা সুবিধা দেওয়া হবে। 

ভাতা আগের মতো ৬০০ টাকাই বহাল থাকছে। এ ছাড়া বাড়ছে বিধবা ও স্বামী নিগৃহীতাদের ক্ষেত্রে ভাতাভোগীর সংখ্যা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বাজেটে বিধবা ও স্বামী নিগৃহীতাদের ভাতাভোগীর সংখ্যা বাড়ছে ২ লাখ ৬০ হাজার ৮০০ জন। এ হিসাবে আগামী অর্থবছর এ কর্মসূচিতে মোট সুবিধা পাবেন ২৭ লাখ ৭৫ হাজার জন। তাদের ভাতার পরিমাণ চলতি বছরের মতো ৫৫০ টাকাই অপরিবর্তিত থাকছে। 

মা ও শিশু সহায়তায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে ২ লাখ

মা ও শিশু সহায়তা কর্মসূচির ক্ষেত্রে ভাতার পরিমাণ আগের মতো রেখে নতুন করে উপকারভোগী বাড়ানো হচ্ছে আরও ২ লাখ ৬০ হাজার ৮০০ জন। বর্তমানে ১৩ লাখ ৪ জন এ সুবিধা পাচ্ছেন। এর ফলে আগামী বাজেটের মাধ্যমে এ কর্মসূচিতে সরাসরি ভাতা সহায়তা পাবেন ১৫ লাখ ৬৪ হাজার মা ও শিশু। 

এ ছাড়া প্রতিবন্ধী ভাতাভোগীও বাড়ছে। আগামী বাজেটে এ সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার জন বাড়িয়ে মোট ৩২ লাখ ৩৪ হাজার জনে উন্নীত করা হচ্ছে। 

এ ছাড়া হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর আওতা ১২ হাজার ২২৯ জন নতুন করে আগামী বাজেটের মাধ্যমে ভাতা সুবিধার আওতায় ভিড়ছে। সব মিলে এ খাতে সরকার আগামী অর্থবছর থেকে ৭৭ হাজার ২২৯ জনকে বর্তমান হারে ভাতা প্রদান করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা